আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় না এলে এ দেশকে বিএনপি-জামায়াত তালেবান রাষ্ট্রে পরিণত করত। পাকিস্তান থেকে যে লাদেনকে ধরা হয়েছে, সেই লাদেন ধরা পড়ত রাজশাহী থেকে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য পাবনা সফর উপলক্ষে পাবনা সার্কিট হাউসে আজ সোমবার দুপুরে এক প্রস্তুতি সভায় নাসিম এ কথা বলেন।নাসিম আরও বলেন, ‘১৯৭১ সালে নিজামীরা জয়লাভ করলে আজকের রাজনৈতিক নেতারা থাকত কবরে এবং ওরা থাকত ক্ষমতার মসনদে। বেগম খালেদা জিয়া নিজের দুর্নীতিবাজ ছেলেদের এবং সেই যুদ্ধাপারাধীদের বাঁচানোর জন্য রোডমার্চের নামে দেশে উত্তেজনা সৃষ্টি করে ফায়দা লুটের চেষ্টা করছেন।’ শেখ হাসিনা বেঁচে থাকলে বঙ্গবন্ধুর পলাতক খুনি ও যুদ্ধাপরাধীদের শাস্তি হবেই বলে মন্তব্য করেন তিনি।সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাবনা সফর নিয়ে আলোচনা হয়। এ সফরে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জের বাঘাবাড়ী ও বেড়া উপজেলায় নির্মাণাধীন বিদ্যুত্-প্লান্ট উদ্বোধনসহ একটি জনসভায় অংশ নিতে পারেন বলে মোহাম্মদ নাসিম জানান।প্রস্তুতি সভায় পাবনা-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ, পাবনা-৫ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খন্দকার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এম সাইদুল হক, সহসভাপতি রেজাউল রহিম, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।