মহামায়া প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াত দেশের নয়, তাদের ভাগ্যের উন্নয়ন করেছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে শত শত কোটি টাকা লুটপাট করেছে। তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন করলেও দেশের উন্নয়ন করেনি। বিগত আওয়ামী লীগ সরকার মহামায়া প্রকল্প হাতে নিলেও জোট সরকার তা বন্ধ করে দিয়েছিল।গতকাল বুধবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া মহা সেচ প্রকল্পের উদ্বোধন শেষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঠাকুরদীঘি রাবার ড্যাম-সংলগ্ন মাঠে এ জনসভার আয়োজন করা হয়। শেখ হাসিনা বলেন, মহামায়া প্রকল্প বাস্তবায়নের ফলে এ এলাকার মানুষ অকালবন্যা থেকে রক্ষা পাবে, অতিরিক্ত ফসল উৎপাদিত হবে। তিনি সেচ প্রকল্প এলাকায় একটি জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পর্যটনকেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন। জনসভায় স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীর কাছে ১৭টি দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে: মহামায়ার মতো বারোমাসি ছয়টি খালের ওপর আরও ছয়টি উপ-সেচ প্রকল্প বাস্তবায়ন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমাতে পতেঙ্গা থেকে সীতাকুণ্ড হয়ে মিরসরাইয়ের মুহুরী প্রকল্প পর্যন্ত বেড়িবাঁধের ওপর বিকল্প সড়ক নির্মাণ, মিরসরাই উপকূলে মেরিন ইকোপার্ক স্থাপন ও জলবিদ্যুৎ উৎপাদন।পানি উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে পাহাড়ি ঝরনা অভিমুখে মহামায়া প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। উপজেলার এক হাজার ২০০ হেক্টর অনাবাদি জমিকে চাষের আওতায় আনতে এবং শুষ্ক মৌসুমে ইরি চাষের ব্যাপক সম্ভাবনা সৃষ্টির জন্য পিডিবি প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে। স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় দলের উপজেলা সভাপতি মো. আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল হুদার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, সাংসদ আক্তারুজ্জামান, দলের চট্টগ্রাম নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এনামুল হক, উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুস ছালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, ফেরদৌস হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পানিসম্পদমন্ত্রী রমেশ সেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা তিনটা ১০ মিনিটে একটি বিশেষ হেলিকপ্টারে করে মিরসরাইয়ের মহামায়া প্রকল্প এলাকায় পৌঁছান। প্রকল্প উদ্বোধন শেষে বিকেল তিনটা ৪০ মিনিটে তিনি মঞ্চে ওঠেন। বেলা চারটা থেকে প্রায় ১৫ মিনিট তিনি বক্তব্য দেন।নৌবাহিনীতে সাবমেরিন ও হেলিকপ্টার সংযোজন করা হবেবাসসের খবরে বলা হয়, মিরসরাইয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী পতেঙ্গা নৌ-ঘাঁটিতে গ্রাজুয়েশন মিডশিপমেন্ট-২০০৯ উইন্টার পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এতে তিনি বলেন, শিগগিরই সাবমেরিন ও মেরিটাইম হেলিকপ্টার সংযোজন করে নৌবাহিনীকে কার্যকর ও শক্তিশালী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। দুটি মেরিটাইম হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে নৌবাহিনীর দীর্ঘ প্রতীক্ষিত নেভাল এভিয়েশন শাখাকে যুগোপযোগী করা সম্ভব হবে। বাংলাদেশ নৌবাহিনীর ৩৪ জন মিডশিপমেন্ট এবং বন্ধু রাষ্ট্র ফিলিস্তিনের চারজন এই অনুষ্ঠানের মাধ্যমে কমিশন লাভ করেন।প্রধানমন্ত্রী রুগ্ণশিল্প খুলনা শিপইয়ার্ডকে হস্তান্তরের মাধ্যমে দেশের উন্নয়নের সঙ্গে নৌবাহিনীকে সম্পৃক্ত করার কথা উল্লেখ করে বলেন, ২০০১ সালে কোরিয়া থেকে অত্যাধুনিক ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধু নির্মাণ করে আনা হয়। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই জাহাজটিকে ডিকমিশন করে নৌবাহিনীকে দুর্বল করে। শেখ হাসিনা বলেন, খুলনা শিপইয়ার্ডে পাঁচটি পেট্রোল ক্রাফট নির্মাণ করা হচ্ছে। যুদ্ধজাহাজ তৈরির এই উদ্যোগ বাংলাদেশের জন্য এক সম্ভাবনাময় যুগের সূচনা করবে। গতকালের অনুষ্ঠানের মাধ্যমে দুজন নারী মিডশিপমেন্ট কমিশন পাওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, ‘উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে আমাদের দেশের নারীরাও যেকোনো কাজ করতে সক্ষম।’প্রধানমন্ত্রী প্রশিক্ষণকালে চমৎকার নৈপুণ্য প্রদর্শনের জন্য পুরস্কার তুলে দেন। এতে নাহিয়ান বাকের সোর্ড অব অনার এবং জিয়া নূর নবী ওসমানী গোল্ড মেডেল পান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাংসদ, কূটনীতিক, তিন বাহিনীর প্রধানেরাসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।