বিএনপি-জামায়াত পার্বত্য এলাকায় অশান্তি সৃষ্টি করছে: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, বিএনপি-জামায়াত চায় না পার্বত্য এলাকায় শান্তি ফিরে আসুক। তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে সেখানে অশান্তি সৃষ্টি করছে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে নানা রকম বাধার সৃষ্টি করেছে। তত্ত্বাবধায়ক সরকারের সময়ও চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। ২০০৮ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর অবাস্তবায়িত ধারাগুলো বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।প্রতিমন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম অসন্তোষের মূল কারণ ভূমি-সমস্যা। যে কারণে শান্তিচুক্তির অন্যতম শর্ত হলো ভূমি বিরোধ নিষ্পত্তি। এ লক্ষ্যে বর্তমান সরকার ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন’ পুনর্গঠন করেছে। ভূমি কমিশন আইনের প্রয়োজনীয় সংশোধনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, শান্তিচুক্তি বাস্তবায়নের মূল প্রতিবন্ধকতা হলো শান্তিচুক্তি বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট নেতিবাচক মনোভাব ও দৃষ্টিভঙ্গি। পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সব পক্ষের নেতিবাচক মনোভাব ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। এ লক্ষ্যে জাতীয় মতৈক্যের ভিত্তিতে শান্তিচুক্তি বাস্তবায়নের মাধ্যমে দেশের শান্তি ও সমৃদ্ধি সুসংহত করতে সমঝোতার মনোভাব নিয়ে সবার এগিয়ে আসা প্রয়োজন।