বিএনপি-জামায়াতের আরও ১৬ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ আরও ১৬ জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৬৮। এদিকে গতকাল মঙ্গলবার পুলিশের সিরাজগঞ্জ গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাকের সাক্ষ্য নিয়েছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত দল।সিরাজগঞ্জে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির রুহুল আমিন জিহাদী, রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন জামায়াতের আমির মমতাজুল ইসলাম, সলঙ্গা থানা যুবদলের নেতা নাসির উদ্দিন, শ্রমিক দলের নেতা জগদীশ চন্দ্র সূত্রধর, বিএনপির কর্মী কল্লোল সরকার, হাটিকুমরুল ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নেতা আশরাফুল ইসলাম, বিএনপির কর্মী ছানোয়ার হোসেন ও রোকনুজ্জামান।অন্যদিকে উল্লাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি রাকিবুল হাসান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আলমগীর আলম, মালসাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন, শাহজাদপুর উপজেলা বিএনপির নেতা আজাহার আলী, উল্লাপাড়া বিএনপির নেতা ওবায়দুল্লাহ ও রফিকুলকে সোমবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, গত সোমবার রাতে ঢাকায় দুটি হোটেলে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে সোমবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত বিএনপি ও জামায়াতের আটজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।মামলার বাদী উপপরিদর্শক (এসআই) আসিফ জানান, ঢাকা থেকে আটক আটজনকে পুলিশের করা মামলায় এবং সিরাজগঞ্জে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও স্থানীয় গোলাম হায়দারের করা মামলায় আসামি দেখানো হয়েছে।গতকাল জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাকের সাক্ষ্য নেওয়া হয়। এ ছাড়া গণবিজ্ঞপ্তি অনুযায়ী যেকোনো ব্যক্তি সাক্ষ্য দিতে চাইলে তা নেওয়া হবে বলে তদন্ত কমিটি প্রস্তুত রয়েছে। তবে গতকাল জনসাধারণের পক্ষ থেকে সাক্ষ্য দিতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাউকে আসতে দেখা যায়নি। তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী জানান, তদন্ত অব্যাহত আছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী সাক্ষ্য নেওয়া অব্যাহত আছে। নির্দিষ্ট তারিখের মধ্যেই তদন্ত শেষ করা যেতে পারে।এদিকে গত ১৪ অক্টোবর গ্রেপ্তার হওয়া শাহজাদপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুুল জব্বারকে আদালতে হাজির করে গতকাল জামিনের আবেদন করা হয়। তাঁকে পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারক হাসান মাহমুদুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার মূলীবাড়ী রেলগেটসংলগ্ন মাঠে ছাত্রদল আয়োজিত ছাত্র-গণজমায়েত চলার সময় ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা ট্রেনের ১১টি বগিতে আগুন লাগিয়ে দেয়। ট্রেনে আগুন দেওয়া ও হামলার ঘটনায় এ পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় পাঁচটি ও জিআরপি থানায় তিনটিসহ মোট আটটি মামলা হয়েছে।