বিএনপি-জামায়াতের তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
বিভিন্ন দাবিতে বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদাভাবে তিন দিনের অভিন্ন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল শনিবার দল দুটি নিজ নিজ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে আছে সার ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২১ জুন ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ। শেয়ারবাজার ধসের প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ২৩ জুন ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ এবং জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধি ও যানবাহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২৮ জুন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি। গতকাল দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি তুলে ধরেন।মগবাজারে জামায়াতের কার্যালয়ে একই কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। বিএনপির সংবাদ সম্মেলন: মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপি তাদের প্রস্তাব তুলে ধরেছে। এখন দেখার বিষয় সরকার কী করে। বল এখন সরকারের কোর্টে, যা করার তাদেরই করতে হবে। নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির ক্ষমতা বিএনপি-জামায়াতের নেই—আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। তা না হলে কোনো নির্বাচন হবে না। বিএনপির ক্ষমতা আছে কি না, সময়ই বলে দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ একদলীয় নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসার জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে চাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার সমুদ্রবক্ষের গ্যাস উত্তোলনের জন্য কনোকো ফিলিপসের সঙ্গে যে চুক্তি করেছে, তা দেশের স্বার্থবিরোধী হলে বিএনপি অবশ্যই প্রতিবাদ করবে। তিনি অবিলম্বে এই চুক্তি প্রকাশ করতে সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, বিএনপি চুক্তিপত্র দেখে তাদের অবস্থান জানাবে। বৃষ্টি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে উত্তরাঞ্চলে দলটির নির্ধারিত রোডমার্চ ও দেশব্যাপী সফর কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। ২৬ ও ২৭ জুন এই কর্মসূচি হওয়ার কথা ছিল।সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। জামায়াতের সংবাদ সম্মেলন: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী।সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফের প্রস্তাবের বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে এ টি এম আজহারুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, ‘ক্ষমতায় বসে রঙিন চশমা পরে অনেক কথাই বলা যায়। মনে থাকার কথা, আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করিনি, রাজপথে আন্দোলন, হরতাল করেই আদায় করেছি।’বিএনপি ও জামায়াতের সে ক্ষমতা আছে কি না, জানতে চাইলে এ টি এম আজহার বলেন, ‘চাল যখন হাঁড়িতে তুলেছি, ভাত পাক হবেই ইনশাআল্লাহ।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত ঘোষিত কর্মসূচি পালনে সরকার যদি আবারও স্বৈরাচারী আচরণ করে, তাহলে আমরা হরতালের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।’ সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান, তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এ টি এম মাছুম প্রমুখ উপস্থিত ছিলেন।