বিএনপি-জামায়াতের তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথকভাবে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।আজ শনিবার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কৃষি উপকরণের দাম বৃদ্ধি ও কৃষকের কাছে কৃষি উপকরণ সহজলভ্য না হওয়ায় ২১ জুন ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ২৩ জুন শেয়ারবাজার ধসের প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করা হবে। জ্বালানি তেল ও বাস ভাড়া বাড়ার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে ২৮ জুন। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিএনপির ২৬ ও ২৭ জুনের নির্ধারিত রোডমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গ্যাস উত্তোলনের জন্য কনোকো ফিলিপসের সঙ্গে যে চুক্তি করেছে তা যদি দেশের স্বার্থবিরোধী হয় বিএনপি অবশ্যই এর প্রতিবাদ করবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রস্তাব দিয়ে রেখেছেন। সরকারের দায়িত্ব তাঁর প্রস্তাব বিবেচনা করা। সরকার এ ব্যাপারে কী পদক্ষেপ নেয় তার ওপর ভিত্তি করে বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে। আজ দুপুরে রাজধানীর বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একই দাবিতে একই দিন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।আজহারুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আলোচনার প্রস্তাব নাকচ করে বলেন, ‘আলোচনা করে নয়, আন্দোলন ও হরতাল করেই আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদায় করেছি। চাল যখন হাঁড়িতে তুলেছি, ভাত তখন হবেই।’জামায়াতের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান, কর্মপরিষদের সদস্য এ টি এম মাসুম, প্রচার সেক্রেটারি তাসনীম আলম প্রমুখ।