বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতি আরও কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আন্দোলনরত হেফাজতে ইসলামের ব্যাপারে সরকার নমনীয় থাকবে। কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠনটির সঙ্গে সরকার বিরোধ এড়িয়ে চলতে চাইছে।সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল থেকে জানা যায়, হেফাজতে ইসলামের সঙ্গে সরকার আলোচনা অব্যাহত রাখবে। সংগঠনটির ‘যুক্তিসংগত’ দাবিগুলো মেনে নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা কঠিন হবে বলে ওই মহলটি মনে করে। এ জন্য সংগঠনটির সঙ্গে আলোচনা অব্যাহত রেখে সমাধানের পথ খোঁজার চেষ্টা করা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ মন্ত্রী ও নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, হেফাজতে ইসলামের সঙ্গে সরকার সংঘাতে যাবে না। এ সংগঠনটি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ নয়।দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। নওগাঁ-৫ আসনের উপনির্বাচনের প্রার্থী মনোনয়ন নিয়ে এ বৈঠক হলেও রাজনৈতিক বিষয় নিয়েই নেতাদের মধ্যে বেশি কথা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সরকারের নীতি-কৌশল নিয়ে বিস্তারিত কথা বলেন। বৈঠকে একজন নেতা হেফাজতে ইসলাম ও শাহবাগের গণজাগরণ মঞ্চ নিয়ে সরকারের ভূমিকা অস্পষ্ট বলে মন্তব্য করেন। তবে প্রধানমন্ত্রী সরকারের অবস্থান সঠিক ছিল উল্লেখ করে বলেন, বিরোধী দলের উসকানি সত্ত্বেও শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি শেষ হয়েছে এবং প্রত্যেকেই যথাসময়ে নিরাপদে স্থান ত্যাগ করেছেন। এটাই সরকারের সাফল্য। বৈঠকে আলোচনা হয়, হেফাজতে ইসলামকে রাজপথে ঠেলে দেওয়া ঠিক হবে না। তাদের সঙ্গে বিএনপি-জামায়াত মিশে উসকানি দিলেও ধৈর্য ও সহনশীলতার সঙ্গে তা মোকাবিলা করতে হবে। তবে বিএনপি ও জামায়াতের ব্যাপারে বৈঠকে কঠোর মনোভাব ব্যক্ত করা হয়। সব বক্তাই বলেন, তাদের কোনো ছাড় দেওয়া ঠিক হবে না।সরকারি সূত্রগুলো জানায়, হেফাজতে ইসলামের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে দেবে সরকার। দেশের কয়েকটি স্থানে হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা সরকারের উচ্চপর্যায় ভালোভাবে নেয়নি। চট্টগ্রামসহ বেশ কিছু এলাকার আওয়ামী লীগের নেতাদের এসব পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দেওয়া হয়েছে।আওয়ামী লীগের নেতারা মনে করেন, রাজপথে আন্দোলন গড়ে তোলার সাংগঠনিক সামর্থ্য বিএনপির নেই। জামায়াত-শিবিরের কর্মীরাই এ দলটির আন্দোলনের ভরসা। সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে বিএনপি-জামায়াত সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ইস্যু তৈরি করে হেফাজতে ইসলামকে মাঠে নামিয়েছে। বিরোধী দল হেফাজতে ইসলামকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে চাইছে। এমনকি হেফাজতের কর্মসূচিতে জামায়াত ও বিএনপির কর্মীরা ঢুকে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে।কয়েকজন মন্ত্রী জানান, বিএনপি-জামায়াত যতই নাশকতার পরিকল্পনা করবে, সরকার ততই কঠোর হবে। তবে বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় খুব দ্রুত কয়েকটি সিটি করপোরেশনের নির্বাচন দেওয়ার চিন্তাভাবনাও চলছে। রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট সিটি করপোরেশনের মেয়াদ জুনে শেষ হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন দেওয়ার কথাও ভাবা হচ্ছে।