বিএনপি-জামায়াতের মদদেই হত্যার রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের মদদেই এ দেশে হত্যার রাজনীতি চলছে। সেই ধারাবাহিকতায় ২০০০ সালে ছাত্রলীগের আটজন নেতাকে হত্যা করেছিল শিবির। চট্টগ্রামে শিবিরের ব্রাশফায়ারে আট ছাত্রলীগ নেতা-কর্মীর হত্যা দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সভায় মাহবুব উল আলম এ কথা বলেন। ২০০০ সালের ১২ জুলাই চট্টগ্রামে শিবিরের হামলায় ওই ছাত্রলীগ নেতারা মারা গিয়েছিলেন। দিনটিকে স্মরণ করে আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। অনুষ্ঠানে মাহবুব উল আলম বলেন, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের জঘন্য হত্যার রাজনীতি শুরু হয়েছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় থেকে। তারই ধারাবাহিকতায় ২০০০ সালের এই দিনে বিএনপি ও জামায়াতের প্রত্যক্ষ মদদে শিবিরের সন্ত্রাসীরা ওই হত্যাকাণ্ড চালিয়েছিল। বিএনপি ক্ষমতায় এসে ওই হত্যাকারীদের অব্যাহতি দেয়। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম, শাহজাদা মহিউদ্দীন চৌধুরী, জহিরুদ্দিন লিপ্টন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী প্রমুখ।