সীমান্তে বাংলাদেশ-ভারত যৌথ জরিপ নিয়ে সিলেটের জৈন্তাপুরে গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীরা চেয়ার ছোড়াছুড়ি করে হট্টগোল সৃষ্টি করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। এরপর দুই পক্ষে প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া চলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা শুরু হয়। শুরুতে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবু সৈয়দ মোহাম্মদ হাশিম।জেলা প্রশাসকের বক্তব্যের পর সীমান্ত এলাকার পাঁচজন সাধারণ মানুষ বক্তব্য দেন। এরপর জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ম ম আলম মাসুক বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘বিএনপির সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম ও তাঁর দল জরিপ নিয়ে সীমান্ত এলাকার লোকজনকে ভুল বুঝিয়ে আন্দোলন-সংগ্রাম করছেন। এটা দেশবিরোধী প্রচারণা।’ তাঁর বক্তব্যের মধ্যেই মিলনায়তনে উপস্থিত বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকেরা চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। তখন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। এরপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় জামায়াতের নেতা আবদুল খালিক (৫০) ও যুবদলের নেতা ফয়জুল ইসলাম (৩৫) আহত হন। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা ছয়টার দিকে পুনরায় সভা শুরু হয়। জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, ভাইস চেয়ারম্যান জামালউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।সভায় সীমান্ত এলাকার লোকজন বলেন, জরিপকাজ চালানোর নামে বাংলাদেশের এক ইঞ্চি জমিও যেন ভারতের কাছে তুলে দেওয়া না হয়। তা করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।প্রশাসনের কর্মকর্তারা বলেন, স্থানীয়দের এ আশঙ্কা অমূলক। জেলা প্রশাসক বলেন, ‘এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। দুই দেশের সীমানা নির্ধারণের জন্য মাপজোখ চলছে। এই মাপজোখ শেষে দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের বৈঠক হবে।’সভা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা জৈন্তাপুর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তাঁদের দাবি, মতবিনিময় সভায় হামলাকারী আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।যোগাযোগ করা হলে ছাত্রলীগের নেতা আলম মাসুক প্রথম আলোকে বলেন, ‘সভা ভণ্ডুল করতে বিএনপি-জামায়াতের লোকজন পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’সিলেট সীমান্তের তামাবিল, পাদুয়া, ডিবির হাওরসহ ১০টি স্থানে বাংলাদেশ-ভারত যৌথ জরিপ শুরু হয় ৩ জুন। ১৮ জুন তামাবিল সীমান্তে এলাকাবাসীর বাধায় জরিপ বন্ধ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে ওই সভা আহ্বান করা হয়।