বিএনপি-জামায়াতের হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১১ ঘণ্টা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি।জ্বালানি তেল ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলটি এই হরতালের ডাক দিয়েছে।বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীও পৃথকভাবে আজ হরতাল পালনের ঘোষণা দিয়েছে। জামায়াত জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদের সঙ্গে মানবতা-বিরোধী অপরাধের বিচার বন্ধ ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিও যুক্ত করেছে। চারদলীয় জোটের অপর তিন শরিক ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিসসহ ছোট ছোট আরও কয়েকটি দল হরতালে সমর্থন দিয়েছে। বর্তমান সরকারের মেয়াদে বিএনপির ডাকা এটা সপ্তম হরতাল। এই সরকারের দেড় বছরের মাথায় ২০১০ সালের ২৭ জুন তারেক-কোকোর মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রথম হরতাল দেয় বিএনপি। এরপর খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি রক্ষার দাবিতে ১৩ ও ২৯ নভেম্বর, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার দাবিতে চলতি বছরের ৫ জুন এবং ৬ ও ৭ জুলাই হরতাল পালন করে। গত মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করেন। গতকাল বুধবার বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, অনিবার্য কারণবশত আজকের সকাল-সন্ধ্যা হরতাল এক ঘণ্টা কমিয়ে সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত করা হয়েছে। হরতালের আওতামুক্ত: জরুরি সেবাকাজে নিয়োজিত যানবাহন ও অন্যান্য বিষয় হরতালের আওতামুক্ত থাকবে। হরতালের দিন সংবাদমাধ্যম, অ্যাম্বুলেন্স, গ্যাস-বিদ্যুৎ-পানিসহ জরুরি সেবাসমূহ, লাশবাহী গাড়ি, জরুরি চিকিৎসা সেবাসংক্রান্ত বিষয়গুলো হরতালের আওতামুক্ত থাকবে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।রাতে দুই বাসে আগুন: রাজধানীর মিরপুর ও কদমতলীতে গতকাল বুধবার রাতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পূর্ব পাশে প্রধান সড়কে একদল যুবক ইটিএল পরিবহনের একটি বাসের পেছনে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এর আগেই যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, বাসে আগুন দেওয়ার পর দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। প্রায় একই সময় কদমতলী থানার ধনেশ্বর এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়। আগুন ছড়িয়ে পড়ার আগে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। বাসটি আংশিক ভস্মীভূত হয়েছে।