চট্টগ্রামে বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় করা দ্রুত বিচার আইনে দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে কোতোয়ালি থানা-পুলিশ। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। দুটি মামলায় বিএনপি-জামায়াতের ৫৩ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে নগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন রয়েছেন। ১৩ মে বিকেলে নগরের কাজীর দেউড়ি, নাসিমন ভবন ও এনায়েত বাজার এলাকায় বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছে শতাধিক। পুড়িয়ে দেওয়া হয় চারটি যানবাহন। গাড়ি ভাঙচুর করা হয় শতাধিক। এ ঘটনায় কোতোয়ালি থানায় চারটি ও খুলশী থানায় দুটি মামলা হয়। এসব মামলার পাঁচটিতে বাদী হয়েছে পুলিশ। অপর মামলাটির বাদী হয়েছেন আমিন সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি। নগরের উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ও চট্টগ্রাম নগর জামায়াতের আমির সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ অন্তত আড়াই হাজার জনের বিরুদ্ধে এসব মামলা হয়।কোতোয়ালির মামলা চারটিতে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামসহ প্রায় এক হাজার ৮০০ জনকে আসামি করা হয়। এর মধ্যে দুটি দ্রুত বিচার আইনে এবং অপর মামলা দুটিতে পুলিশের ওপর হামলা ও কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।