বিএনপি-জামায়াতের ৭৭ নেতাকর্মী আটক
১২ মার্চ ‘ঢাকা চলো’ কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় পুলিশ কুষ্টিয়া, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের তাড়াইল ও রাজশাহীর বাগমারা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭৭ জন নেতা-কর্মীকে আটক করেছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করে।পুলিশ কুষ্টিয়া থেকে বিএনপি-জামায়াতের ৩০, মেহেরপুর থেকে ২৪, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঁচজন মাদ্রাসার ছাত্র, সাতক্ষীরা থেকে বিএনপি-জামায়াতের ১৫ ও রাজশাহীর বাগমারা থেকে জামায়াতের তিনজন নেতা-কর্মীকে আটক করেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুষ্টিয়া: জেলার সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মুঠোফোনে প্রথম আলো অনলাইনকে জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াতের ৩০ জন নেতা-কর্মীকে আটক করেছে।মেহেরপুর: গাংনী থানার ওসি গোলাম মোস্তফা জানান, পুলিশ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াতের ২৪ জন নেতা-কর্মীকে আটক করেছে।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, নাশকতার সন্দেহে গতকাল রাতে মাদ্রাসার পাঁচ ছাত্রকে পুলিশ আটক করেছে।তাড়াইল (কিশোরগঞ্জ): উপজেলায় গতকাল রাতে নাশকতার সন্দেহে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তিনজন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে। তাড়াইল থানার ওসি মো. আবদুল মালেক এ তথ্য জানান।সাতক্ষীরা: পুলিশ সুপার হাবিবুর খান জানান, সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কাজের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জেলা জামায়াত ও বিএনপির ১৫ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।বাগমারা (রাজশাহী): বাগমারা থানার ওসি হারুন অর রশিদ বলেন, ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় গতকাল রাতে অভিযান চালিয়ে এক জামায়াতের কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।