বিএনপি থেকে সংগীতশিল্পী আসিফের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সংগীতশিল্পী আসিফ আকবর দল থেকে পদত্যাগ করেছেন। আসিফের হয়ে তাঁর স্ত্রী সালমা আসিফ মিতু ও ছেলে রুদ্র আসিফ ঢাকায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আজ শুক্রবার দুপুরে পদত্যাগপত্র পৌঁছে দিয়েছেন।মির্জা ফখরুলের মুঠোফোন বন্ধ থাকায় পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা নিশ্চিত করা সম্ভব হয়নি। গত ৩১ জানুয়ারি কুমিল্লার মিয়ামী হোটেলে কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম চলাকালে ছাত্রদল ও যুবদলের কয়েকজন কর্মী আসিফের ওপর হামলা চালায়। ওই ঘটনার সময় বিএনপির সহ-সভাপতি রাবেয়া চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সেখানে উপস্থিত থেকেও এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেননি। বিষয়টিতে আসিফ মর্মাহত হয়েছেন উল্লেখ করে তিনি দল থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন । আসিফের ঘনিষ্ঠ সূত্র জানায়, পদত্যাগপত্রে আসিফ বলেছেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে তিনি দলের সার্বিক কার্যক্রমে গতি আনার জন্য দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচার চালিয়েছেন। গত ৩১ জানুয়ারি কুমিল্লার মিয়ামী হোটেলে ছাত্রদলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সার তাঁর সঙ্গে অসৌজন্য আচরণ করেন। এরপর ছাত্রদল ও যুবদলের কর্মীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত থাকলেও হামলাকারীদের কিছু বলেননি। এদিকে আসিফের পদত্যাগের খবর পেয়ে কুমিল্লায় দলীয় নেতা-কর্মীরা সন্ধ্যা সাতটায় শহরের কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ে সভা করে। এতে আসিফকে পদত্যাগপত্র প্রত্যাহারের আহ্বান ও তাঁর ওপর হামলাকারীদের বিচার দাবি করা হয়।আসিফের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে আসিফের পদত্যাগের খবরটি নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কুমিল্লা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাজ্জাদুল কবীর। সালমা আসিফ বলেন, গত ৩১ জানুয়ারি কুমিল্লার মিয়ামী হোটেলে ছাত্রদলের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আসিফের সঙ্গে অসৌজন্য আচরণ করা হয়েছে। রাজনীতি করতে গিয়ে তাঁর জীবন হুমকির মুখে পড়ছে। এ ঘটনা ঘটার পর আজ পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো খোঁজখবর নেননি। ভবিষ্যতে এ সিদ্ধান্ত পরিবর্তন হবে কি না, এমন প্রশ্নের জবাবে সালমা আসিফ বলেন, ‘আসিফ যা করে ভেবেচিন্তে করে।