বিএনপি দাঁড়াতেই পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংগঠনিক অবস্থা অনেকটা স্থবির হয়ে পড়েছে। ব্যক্তিগত স্বার্থ ঠিক রাখতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের সাংগঠনিক শাখাগুলোর মধ্যে তৈরি হয়েছে বিভেদ, অবিশ্বাস, কোন্দল, হানাহানি। তৃণমূলে নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। এমনকি দলের অভ্যন্তরীণ বিভেদে খুনের ঘটনাও ঘটেছে। মূল দলের মতো বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনেরও একই অবস্থা। তাই রাজনীতির মাঠে দাঁড়াতেই পারছে না বিএনপি।অগোছালো দল নিয়ে সরকারবিরোধী আন্দোলনে যাওয়ার পক্ষে নন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। আন্দোলনের কর্মসূচি দেওয়ার আগে দলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতে চেয়ারপারসন খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন অনেক সদস্য। আর তাই আপাতত সরকারবিরোধী আন্দোলনের পথে না গিয়ে বিএনপি এ বছরটাও ‘সাংগঠনিক বছর’ হিসেবে পার করার কৌশল নিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে দলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী করা এবং তৃণমূলে নেতৃত্ব-সংকট দূর করা দরকার। স্থায়ী কমিটির বৈঠকে দলীয় চেয়ারপারসনকে এ ব্যাপারে সদস্যরা পরামর্শ দিয়েছেন। এ জন্য আপাতত সরকারবিরোধী কঠোর কর্মসূচি পালনের আগে দলের সাংগঠনিক অবস্থা চাঙা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বছরজুড়ে বেশ কিছু সাংগঠনিক কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।বিএনপির কয়েকজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে জানান, মূলত পদ-পদবির বেপরোয়া লড়াইয়ের কারণে সাংগঠনিকভাবে দলটি শক্তিশালী হতে পারছে না। এক-এগারোর পরবর্তী সময়ে কার কী ভূমিকা এবং মূল দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের পদ পেতে গ্রুপিং, লবিং ও অর্থ লেনদেনের ঘটনায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা পদের নেতাদের অধিকাংশ দলীয় কর্মকাণ্ডে না থাকায় এবং তৃণমূল রাজনীতিতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ দলকে আরও সংকটের দিকে নিয়ে গেছে। বিএনপির নেতারাই বলছেন, দলটি নানা কারণে স্থবির হয়ে আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, একসঙ্গে সারা দেশের জেলা কমিটিগুলো ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তের কারণে কিছু সমস্যা তো হচ্ছেই। তার পরও দলটি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। তিনি বলেন, ‘আশা করছি, এ বছরের মধ্যেই সব সমস্যার সমাধান করে বিএনপি তার গতিতেই এগিয়ে চলবে।’২০১০ সালও ‘সাংগঠনিক বছর’: ২০০৮-এর সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির পর দলকে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নেন দলীয় চেয়ারপারসন। তিনি ২০০৯ সালকে বিএনপির সাংগঠনিক বছর হিসেবে ঘোষণা দেন। ওই বছরের মধ্যে সদস্য সংগ্রহ অভিযান ও সারা দেশে দলের তৃণমূল কমিটি, জাতীয় ও স্থায়ী কমিটি পুনর্গঠন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু জাতীয় ও স্থায়ী কমিটি পুনর্গঠন হলেও বাকিগুলো আংশিক শেষ হয়েছে। তৃণমূলে যেসব কমিটি হয়েছে, তার অধিকাংশ নিয়েই দলের সমস্যা আছে। আছে পাল্টাপাল্টি কমিটি গঠনেরও খবর।২০১০ সালে কয়েক দফা সময় বাড়িয়ে কাজগুলো শেষ করার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। এখনো পর্যন্ত বিএনপির ১৬টি সাংগঠনিক জেলায় কমিটি নেই। ২১টিতে চলছে পাল্টাপাল্টি কমিটি। ঢাকা মহানগর কমিটি না থাকায় কর্মসূচি পালনেও দলটি বাধাগ্রস্ত হচ্ছে। এ বছরের বাকি চার মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রম শেষ হবে কি না, তা নিয়েও সংশয় আছে দলীয় নেতাদের মধ্যে। বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, কেন্দ্র থেকে তৃণমূলে কয়েক দফা নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু কাজ হয়েছে। তবে সবকিছু শেষ হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, দলটি শক্তিশালী করতে খালেদা জিয়া নিজেই এবার উদ্যোগ নিয়েছেন। এর আগেও তিনি একবার বিভাগীয় শহর সফরের মাধ্যমে আশা করেছিলেন তৃণমূলের সমস্যার সমাধান হবে। কিন্তু সেই উদ্যোগ সফল হয়নি।সূত্র জানায়, এবার খালেদা জিয়া নভেম্বরে ২১টি বড় জেলা শহরে সমাবেশ করবেন। আর কেন্দ্রীয় নেতাদের এলাকায় পাঠানোরও উদ্যোগ নিয়েছেন তিনি। এ জন্য প্রতিটি থানা ও উপজেলায় কেন্দ্রীয় নেতাদের সমাবেশ ও গণসংযোগের নির্দেশ দিয়েছেন। তবে গতকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে। কোন নেতা কবে কোথায় যাচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ বলেন, কেন্দ্রীয় নেতাদের সফরসূচি দ্রুত জানিয়ে দেওয়া হবে। অভ্যন্তরীণ হানাহানি বাড়ছে: ক্ষমতায় না থাকলেও বিএনপির অভ্যন্তরীণ হানাহানি থেমে নেই। দলীয় পদ-পদবির লড়াইয়ের কারণে প্রায়ই দলের পক্ষগুলোর মধ্যে সহিংস ঘটনা ছড়িয়ে পড়ছে। এতে খুনোখুনির ঘটনাও ঘটছে। মূল দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের মধ্যে এ ঘটনা এখন নিত্যনৈমত্তিক। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে দেখা যায়, এ বছরের প্রথম নয় মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দলের ছয় নেতা-কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আট শতাধিক।অপর একটি মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর হিসাবে এই হতাহতের ঘটনা আরও বেশি। সংস্থাটি জানায়, চলতি বছরের প্রথম আট মাসে বিএনপির অভ্যন্তরীণ সহিংস ঘটনায় মারা গেছেন ২১ জন। আহত হয়েছেন প্রায় ৮০০। গতিহারা সদস্য সংগ্রহ অভিযান: গত বছরের ১৫ আগস্ট বেশ ঘটা করে নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্য নবায়ন কার্যক্রম শুরু করে বিএনপি। কিন্তু এক বছরে সেই কার্যক্রম খুব একটা গতি পায়নি। বিভিন্ন সাংগঠনিক ইউনিট ও নেতারা সদস্য সংগ্রহ ফরম নিয়েও তা পূরণ করে কেন্দ্রে পাঠাচ্ছেন না। এ বছরের আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত মাত্র ৪০ হাজার ফরম পূরণ হয়ে কেন্দ্রে ফিরেছে। তবে দপ্তর সূত্র জানিয়েছে, এ পর্যন্ত তাঁরা প্রায় ৩৭ লাখ ফরম বিক্রি করেছেন। সহ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান শাহীন জানান, ‘এখন বেশ সাড়া পাচ্ছি। ফরম আসাও শুরু হয়েছে। শিগগিরই জানতে পারব, কত সদস্য পাওয়া গেল। আপাতত সদস্যদের নাম কম্পিউটারে এন্ট্রি করা হচ্ছে।’অঙ্গ-সহযোগীও খাপছাড়া: বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অবস্থা ভালো নয়। যুবদলের এখনো পূর্ণাঙ্গ কমিটিই হয়নি। যে নয়জনের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের অনেককে নিয়ে রয়েছে বিতর্ক। সম্প্রতি স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। তবে ছাত্রদলের অবস্থা অত্যন্ত খারাপ। সাংগঠনিক কাজ বলতে কিছু নেই। অন্য আরও সাতটি অঙ্গসংগঠনের নতুন কমিটি নেই। কবে হবে, তা-ও বলতে পারছেন না কেউ। কেন্দ্রের কাজে অসন্তুষ্ট তৃণমূল: কয়েকজন তৃণমূল নেতা অভিযোগ করেন, শুধু হানাহানি, দ্বন্দ্বের জন্য তাঁদেরই দায়ী করা হয়। তাঁদের প্রশ্ন, কেন্দ্র কী করছে? এক নেতা বলেন, খালেদা জিয়া নির্দেশ দিচ্ছেন। কিন্তু তা পালন হচ্ছে না। সাংগঠনিক কাজের সমন্বয় বা কে কার কাছে জবাবদিহি করবে, সেটাই তো বোঝা যায় না। ওই নেতা বলেন, ‘কেন্দ্রের রাজনীতি হচ্ছে প্রতিদিন সংবাদ সম্মেলন করা, কিছু সভা-সমাবেশ করা আর টেলিভিশনে চেহারা দেখানো।’এসব অভিযোগের বিষয়ে বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলেন, তৃণমূলের অভিযোগ অনেক ক্ষেত্রে সঠিক। তবে কেন্দ্র চেষ্টা করছে। গুটিকয়েক নেতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।