বিএনপি দেরিতে হলেও ভুল বুঝতে পেরেছে
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জাতীয় রাজনীতিতে যে সংকটের সৃষ্টি হয়েছে, তা কাপাসিয়ার উপনির্বাচনের মধ্য দিয়েই দূর হবে।আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র ও জাতীয় সংসদ নির্বাচন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘অস্থায়ী নির্বাচন ব্যবস্থা নয়। আমরা চাই স্থায়ী নির্বাচন ব্যবস্থা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সরকারের কাজ হচ্ছে কমিশনকে সাহায্য করা।’সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি কাপাসিয়ার উপনির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশের মধ্য দিয়েই প্রমাণ হয়েছে যে তারা দেরিতে হলেও তাদের ভুল বুঝতে পেরেছে। বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনারা দলীয় সরকারের অধীনে এই আসনে উপনির্বাচনে অংশগ্রহণের কথা বলছেন, তাহলে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন করতে সমস্যা কোথায়?’দপ্তরবিহীন মন্ত্রী বলেন, ‘যাঁরা দলীয় সরকারে অধীনে নির্বাচন করতে পারেন তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেও নির্বাচন করতে পারেন। আসলে একটু দেরিতে হলেও বিএনপি নেতাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, এ জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাই।’পদ্মা সেতু প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়নে ‘অবস্থা বুঝে’ বিশ্বব্যাংক ফিরে আসবে। নিজস্ব অর্থায়নে সেতু করা হবে। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।সংগঠনের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, শ্রমবিষয়ক সম্পাদক মকবুল হোসেন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা বক্তব্য দেন।