আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর এবং যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিতে বেগম খালেদা জিয়া ভারত বিরোধিতার নামে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। তিনি গায়ে পড়ে ঝগড়া বাধাতে চাইছেন। দেশকে পুরোনো সংঘাতের রাজনীতির ফাঁদে ফেলতে চাইছেন। ভারতের সঙ্গে ‘গোপন নিরাপত্তা চুক্তির’ অভিযোগ সম্পর্কে বেগম জিয়ার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘এ রকম কোনো চুক্তির বিষয় জানা থাকলে জনসমক্ষে প্রকাশ করুন।’ বেগম জিয়া স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকার, উলফা, হুজি ও শান্তি, গণতন্ত্র ও উন্নয়নবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই অশুভ শক্তির ঐক্যে আমরা ভীত নই। এদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।’গতকাল সোমবার বিকেলে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশের অনেক চিহ্নিত সন্ত্রাসী ভারতে আশ্রয় নিয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের কেউ কেউ সে দেশে আছেন বলে জানা যাচ্ছে। ভারতেরও অনেক সন্ত্রাসী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। চুক্তির ফলে সন্ত্রাসী, কালো টাকার মালিক, অপরাধী, যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনা যাবে। একইভাবে ভারতীয় সন্ত্রাসীদেরও ফিরে যেতে উত্সাহিত করা হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পৃথিবীর অনেক দেশেই এ রকম চুক্তি আছে।সৈয়দ আশরাফ বলেন, বেগম জিয়া ভারতের সঙ্গে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান চান না। সমস্যাগুলোকে জিইয়ে রেখে নিজেদের অসত্ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চান। বিএনপি-জামায়াত জোট ভারতীয় জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশকে চিরকালের জন্য দরিদ্র রাখতে চায়। দেশকে পাকিস্তানের মতো জঙ্গিবাদের আশ্রয়স্থলে পরিণত করে অশান্তি সৃষ্টি করতে চায়। জনগণ এটা হতে দেবে না।বিরোধীদলীয় নেত্রীর দেশ বিক্রির অভিযোগ সম্পর্কে সৈয়দ আশরাফ পাল্টা প্রশ্ন রেখে বলেন, দেশ কি ছেলের হাতের মোয়া? শাড়ি নাকি গয়না যে ইচ্ছে করলেই বিক্রি করা যায়? কোনো বিষয়ে সরকারের সঙ্গে দ্বিমত হলেই ‘দেশ বিক্রি’ বা ‘স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জনের’ মতো অভিযোগ তোলা কি কোনো দায়িত্বশীল রাজনীতিবিদের মুখে শোভা পায়?বেগম জিয়া সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রধানমন্ত্রী ভারত যাওয়ার আগে জাতীয় স্বার্থ ও সব স্পর্শকাতর বিষয়ে জাতীয় মতৈক্য প্রতিষ্ঠা করে যাওয়া উচিত ছিল। এ প্রসঙ্গে সৈয়দ আশরাফের পাল্টা প্রশ্ন, বেগম জিয়া ১০ বছর প্রধানমন্ত্রী থাকাকালে এ রকম জাতীয় মতৈক্য প্রতিষ্ঠা করে কোনো সফর বা চুক্তি করেছিলেন? পৃথিবীর কোথাও কি এ রকম হয়? বিরোধীদলীয় নেত্রী নিজে যা করেননি, তা অন্যদের করতে বলেন কী করে? যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যেও চুক্তির পর কংগ্রেস বা পার্লামেন্টে উপস্থাপন করা হয়। তিনি বলেন, বিএনপিই বেশি সময় ধরে দেশ শাসন করেছে। তারাই একতরফা আমদানি বাড়িয়ে বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করেছে। বিদেশি প্রভুদের খুশি করা এবং ভারত বিরোধিতার নামে ভোটের রাজনীতিই তাদের কূটকৌশল। সাম্প্রদায়িকতা, ধর্মের নামে রাজনীতি এবং ভারতীয় জুজুর ভয় দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার পাকিস্তানি আদর্শের তারা ধারক-বাহক। তবে জনগণ তাদের চালাকি-বজ্জাতি ও মোনাফেকি ধরে ফেলেছে।বন্দর ব্যবহার নিয়ে জবাব: বন্দর ব্যবহার নিয়ে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের জবাবে সৈয়দ আশরাফ বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দরকে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবহার করতে দেওয়া আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ছিল। জনগণ সেই নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে আওয়ামী লীগকে বিজয়ী করেছে। সুতরাং অঙ্গীকার পূরণে জীবন দিয়ে হলেও সবকিছু করা হবে। তিনি বলেন, এ দুটি বন্দর ভারত, নেপাল, ভুটান ব্যবহার করবে। মিয়ানমার ব্যবহার করলেও আপত্তি নেই। তা ছাড়া আমরা গভীর সমুদ্রবন্দর করতে চাই। এটাকে টিকে থাকতে হলেও বহির্বিশ্বের ব্যবহার বাড়াতে হবে। তিস্তার পানিবণ্টন নিয়ে জবাব: সৈয়দ আশরাফ বেগম জিয়ার বক্তব্যের জবাবে বলেন, তিস্তার পানিবণ্টন প্রশ্নে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। এখনো চুক্তি সম্পাদনের পর্যায়ে পৌঁছেনি। প্রধানমন্ত্রীর ভারত সফরকালে তিস্তার পানিবণ্টনে চুক্তি হওয়ার তথ্য বিরোধীদলীয় নেত্রী কোথায় পেলেন?টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, বেগম জিয়া ১৯৯২ সালের ২৮ মে এবং ২০০৬ সালের ২০ থেকে ২২ মার্চ ভারত সফরে গিয়ে টিপাইমুখ নিয়ে কোনো কথা বলেননি। দুটি যৌথ ঘোষণায় এ ব্যাপারে একটি শব্দও নেই। অথচ প্রধানমন্ত্রীর এবার সফরকালে যৌথ ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশের স্বার্থহানি হয়, এমন কিছু ভারত টিপাইমুখে করবে না। ১০০ কোটি ডলারের ঋণসহায়তা: এডিবি ও আইএমএফের ঋণ শর্তযুক্ত হয় বলে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ভারত শর্তহীনভাবে ঋণ দিচ্ছে। এ টাকায় উত্তরবঙ্গের উন্নয়ন, সৈয়দপুরে রেলওয়ে ওয়ার্কশপের উন্নয়ন, যাত্রীবাহী কোচ নির্মাণ এবং নদী খনন করলে ভারতের লাভ হবে—এই উদ্ভট তথ্য বিরোধীদলীয় নেত্রী কোথায় পেলেন? বেগম জিয়ার আমলে উত্তরবঙ্গ অবহেলিত ছিল। এখনো তিনি চান না দেশের উন্নয়ন হোক। বিদ্যুত্ আমদানি প্রসঙ্গে বেগম জিয়ার বক্তব্যের জবাবে সৈয়দ আশরাফ বলেন, পাঁচ বছর ক্ষমতায় থেকে এক মেগাওয়াট বিদ্যুত্ও তিনি উত্পাদন করতে পারেননি। ভারত থেকে আমদানি করা বিদ্যুত্ নাকি একটি জেলারও চাহিদা পূরণ হবে না বলে তিনি উল্লেখ করেছেন। যদি তা-ই হয়, তিনি তো পাঁচ বছরে একটি গ্রামের বিদ্যুতের চাহিদাও পূরণ করতে পারেননি। তিনি এখনো দেশকে অন্ধকারে রাখার ষড়যন্ত্র করছেন।জাপানকে আগাম সমর্থন: সৈয়দ আশরাফ বলেন, বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৫ সালে জাপানকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে আগাম সমর্থন জানিয়েছিলেন। অথচ ভারতকে সমর্থন দেওয়ায় তাঁর গায়ে জ্বালা ধরেছে। এর পরও তিনি বলবেন, তিনি ভারতবিদ্বেষী নন? নিরাপত্তা পরিষদে শুধু ভারত নয়, জাপান, জার্মানি ও ব্রাজিলকেও সমর্থন দেবে বাংলাদেশ।যৌথভাবে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, প্রতিবছর কারও ১৫০তম জন্মজয়ন্তী পালন করা যায় না। রবীন্দ্রনাথের মতো কাজী নজরুলের ১২৫তম ও ১৫০তম জন্মজয়ন্তী যৌথভাবে পালনের সিদ্ধান্ত ভবিষ্যতে নেওয়া হবে। সৈয়দ আশরাফ আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ার কথা উল্লেখ করে বলেন, ক্রমবর্ধমান গণবিচ্ছিন্ন বিএনপি কী প্রত্যাখ্যান করল আর আন্দোলনের হুমকি দিল, তাতে দেশবাসীর কিছু আসে-যায় না।সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, নূহ উল আলম, মাহবুবুল আলম, আহমদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।