বিএনপি দেশের ভালো চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিএনপি দেশের ভালো চায় না বলেই পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক ঋণ প্রত্যাহার করে নেওয়ায় তারা খুশি হয়েছে। তিনি বলেন, ‘পদ্মা সেতুতে বিশ্বব্যাংক ঋণ না দেওয়ায় যাঁরা উল্লসিত হন, তাঁরা দেশের ভালো চান না। জনগণের স্বার্থ বিঘ্নিত হলে যাঁরা আনন্দ পান, তাঁরা কখনোই ক্ষমতায় যেতে পারবেন না।’বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে ‘দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ—বিএনপির হিংসাত্মক ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় মহীউদ্দীন খান আলমগীর এসব কথা বলেন। আজ শনিবার বঙ্গবন্ধু একাডেমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভার আয়োজন করে। খবর বাসসের।সংগঠনের উপদেষ্টা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে ব্যারিস্টার আমীর-উল ইসলাম, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু একাডেমির সহসভাপতি ফাতেমাজ্জামান সাথী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।মহীউদ্দীন খান আলমগীর বলেন, পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংকের ঋণ প্রত্যহার করে নেওয়াতে যাঁরা খুশি হয়েছেন, তাঁরা দেশের বন্ধু নন। তাঁরা চান না বাংলাদেশের মানুষ নিজের পায়ে দাঁড়াক।মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘যাঁরা দেশের ভালো চান না জনগণও কখনো তাঁদের পক্ষে থাকবে না। পদ্মা সেতু আমাদের নিজস্ব অর্থায়নেই হবে। এটাকে পুঁজি করে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবে না।’তাজউদ্দীন আহমদের স্মৃতিচারণা করে মহীউদ্দীন খান আলমগীর বলেন, তাজউদ্দীন আহমদ অসামান্য রাজনৈতিক প্রতিভার অধিকারী ছিলেন। দেশের স্বার্থ উপেক্ষা করে তিনি কখনো কোনো দলের স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেননি। তিনি আমৃত্যু আওয়ামী লীগকে ঠিকই ভালোবেসে গেছেন।আমীর-উল ইসলাম বলেন, তাজউদ্দীন আহমদের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই তত্কালীন পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল। ঐতিহাসিক ছয় দফার ভিত্তিতে সাংবিধানিক পর্যায়ে আলাপ-আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছিলেন তাজউদ্দীন আহমদ। আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন।