বিএনপি না এলেও নির্ধারিত সময়ে নির্বাচন চান হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই লাখ মার্কিন তারবার্তা ফাঁস করেছে উইকিলিকস। মার্কিন কূটনীতিকদের ভাষ্যে এসব তারবার্তায় বেরিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের খবরবিগত নির্বাচনের আগে বিএনপির নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সংশয় তৈরি হলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি আসুক আর না আসুক, নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে। এ ছাড়া নিরাপত্তা হুমকির কারণে নির্বাচনী প্রচারণার সময় ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে না ফিরতে বলেছিলেন তিনি।যুক্তরাষ্ট্রে কয়েক মাস কাটিয়ে ২০০৮ সালের নভেম্বরে দেশে ফেরার কয়েক দিন পর ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের কাছে শেখ হাসিনা এ কথা বলেছিলেন বলে উইকিলিকসের ফাঁস করা তারবার্তায় বলা হয়েছে। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় একপর্যায়ে বিভিন্ন দাবি তুলে বিএনপির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছিল, তারা নির্বাচনে অংশ না-ও নিতে পারে।তারবার্তা অনুযায়ী, ১৬ নভেম্বর ধানমন্ডিতে শেখ হাসিনার বাসায় তাঁর সঙ্গে বৈঠক করেন মার্কিন দূতাবাসের দুজন কর্মকর্তা। এর পরদিন ১৭ নভেম্বর ওয়াশিংটনে তারবার্তাটি পাঠান মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।কূটনৈতিক ওই বার্তায় বলা হয়, মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন, নিজেদের স্বার্থেই বিএনপির উচিত নির্বাচনে অংশ নেওয়া। বিএনপি নির্বাচনে না এলেও দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে।হাসিনা আরও বলেন, বিএনপি যদি নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয়, তাহলে বিএনপি ও তাঁদের জোটের শরিক জামায়াতে ইসলামীর অনেক প্রার্থী জোটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্যও বিএনপির অনেক সম্ভাব্য প্রার্থী তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সভানেত্রী।শেখ হাসিনা আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তিনি বৈঠকে বসতে চান, তবে তার আগে বিএনপিকে কথা দিতে হবে যে তারা নির্বাচনে অংশ নেবে। এ প্রতিশ্রুতি ছাড়া খালেদার সঙ্গে বৈঠকের কোনো অর্থ নেই।নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয়ে শেখ হাসিনা বলেন, স্থানীয় পর্যায়ে জনসমর্থন আছে এবং জেতার সম্ভাবনা আছে—এমন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। এ ছাড়া তিনি আরও কিছু সাবেক সেনা কর্মকর্তাকে দলে আনতে চান।হাসিনা বলেন, বিএনপি নির্বাচনে না এলে সে ক্ষেত্রে তাঁর জোটের শরিক জাতীয় পার্টিকে আলাদাভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন তিনি। তবে আলাদা নির্বাচন করলেও তাঁর পরবর্তী মন্ত্রিসভায় জাতীয় পার্টির সদস্যদের স্থান দেওয়া হবে। হাসিনা স্বীকার করেন, জাতীয় পার্টির প্রধান সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদ আবারও রাষ্ট্রপতি হওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন। তবে এ ব্যাপারে তিনি কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না, কেননা রাষ্ট্রপতি নির্বাচন করা পার্লামেন্টের দায়িত্ব। এই পর্যায়ে তারবার্তায় দূতাবাসের পক্ষ থেকে মন্তব্য করা হয়, পার্লামেন্ট যেহেতু কার্যত প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই চলে, সেহেতু হাসিনার এ কথা থেকে বোঝা যাচ্ছে, বিষয়টি নিয়ে তিনি মনের কথাটা বলতে চাচ্ছেন না।শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা আওয়ামী লীগের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে বলে বিএনপি যে অভিযোগ করছে, তা ঠিক নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, খালেদা জিয়া কারাগারে তাঁর (হাসিনা) চেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তিনি যেখানে অসুস্থতার জন্য চিকিৎসকদের দেখাতে পারেননি, সেখানে খালেদা জিয়াকে কাজের লোক দেওয়া হয়েছে।নিরাপত্তা বিষয়ে শঙ্কা প্রসঙ্গে হাসিনা বলেন, নিজের নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে এ কথা জানিয়ে সতর্ক করেছেন যে খালেদা জিয়া ও সেনাপ্রধান মইন উ আহমেদসহ তিনিও জঙ্গিদের ‘হত্যার তালিকায়’ আছেন। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার এ পর্যায়ে হাসিনা ওপরের দিকে নির্দেশ করে বলেন, ‘দেশের মানুষকে আমি বলেছি, একমাত্র আল্লাহ আমাকে রক্ষা করতে পারেন।’