বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন হবে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপি নির্বাচনে না এলেও দেশ বসে থাকবে না। যথাসময়ে নির্বাচন হবে। তিনি বলেন, ‘আমরা এখন মহাজোটে আছি, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় মহাজোট থেকে বের হয়ে আমরা এককভাবে নির্বাচনে অংশ নেব। তিনি সেই লক্ষ্যে সংশোধনীর মাধ্যমে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের দাবি জানান।আজ সোমবার বনানীর কার্যালয়ের মিলনায়তনে রাঙামাটি জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, সরকার যে উদ্দেশ্য নিয়ে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি করেছিলেন সেটা কোনো কাজে আসেনি। এই চুক্তি নিয়ে পাহাড়ি বাঙালিদের মধ্যে ক্ষোভ, দুঃখ ও বেদনা রয়েছে। চুক্তির এক যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। তাই সংশোধনের মাধ্যমে পাহাড়ে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য শান্তিচুক্তি পূর্ণভাবে বাস্তবায়ন করা দরকার। রাঙামাটি জেলা জাতীয় পার্টির সভাপতি হারুনুর রশিদ মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন খান, কাজী ফিরোজ রশিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সৈয়দ, সাংবাদিক সুজন দে প্রমুখ। বাসস।