বিএনপি নিষিদ্ধ দল নয় যে গুপ্ত হামলা চালাবে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চলমান আন্দোলন কর্মসূচি ও ঢাকা চল কর্মসূচি ভণ্ডুল করতেই সরকার সুপরিকল্পিতভাবে গত রোববার ঢাকাসহ সারা দেশে এ ধরনের অরাজকতা সৃষ্টি করেছে। তিনি বলেন, বিএনপি কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয় যে গুপ্ত হামলা চালাবে। আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে চট্টগ্রামের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। রোববার সারা দেশের সহিংস ঘটনা সম্পর্কে তিনি বলেন, ওই সব ঘটনায় মামলা করে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নানাভাবে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার, নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।আর এসব হামলার ঘটনার বিএনপি জড়িত বলে বিভিন্ন পত্রপত্রিকায় যেসব খবর এসেছে তা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এসব ঘটনায় বিএনপির জড়িত থাকার অভিযোগ ‘কল্পকাহিনি’। এসব গণমাধ্যম গোয়েন্দা সংস্থার সরবরাহ করা বক্তব্যের আলোকে সংবাদ পরিবেশন করেছে।