যশোর পৌরসভার মেয়র শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলামকে মারধর এবং গুলি-বোমা বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিএনপির ডাকা আধা বেলার হরতাল আজ শনিবার।হরতালের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে পুলিশের পাহারায় যশোর শহরে মিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কিন্তু হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীদের মিছিল করতে দেয়নি পুলিশ। খণ্ড খণ্ড মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে বিএনপির ১১ কর্মীকে আহত করে।এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তির একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন পৌর মেয়র ও বিএনপির নেতা মারুফ। তাঁকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হূদেরাগের বিশেষ পরিচর্যাকেন্দ্রে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকি ৎসা নিয়েছেন বিএনপির ওই ১১ কর্মী।প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে গতকাল বিকেল পাঁচটার দিকে শহরের লালদীঘির পাড়ে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। বিএনপির নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে, গাড়িখানা ও বড় বাজারসহ বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। এতে আহত হন বিএনপির ১১ কর্মী। পরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। মানুষের চাপে অসুস্থ হয়ে পড়েন মেয়র মারুফ।এর কিছুক্ষণ পর দড়াটানা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে পুলিশি পাহারায় ছাত্রলীগের একটি হরতালবিরোধী মিছিল বের হয়। এ সময় মিছিল থেকে কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয় বলে দাবি করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ বিএনপিকে শান্তিপূর্ণ মিছিল করতে দেয় না, লাঠিপেটা করে। অথচ ছাত্রলীগকে পাহারা দিয়ে মিছিল করায়।মিছিলে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, জানমালের নিরাপত্তার স্বার্থে বিএনপির মিছিলে বাধা দেওয়া হয়েছে। কোনো লাঠিপেটা করা হয়নি।মেয়র মারুফের শারীরিক অবস্থার ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালে সিসিইউয়ের চিকি ৎসা কর্মকর্তা কল্লোল কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘সিসিইউয়ে ভর্তির সময় মেয়র মারুফের রক্তের চাপ কম ছিল। প্রচণ্ড গরমের কারণে এটি হতে পারে। বর্তমানে তিনি ভালো আছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’গত বৃহস্পতিবার সারা দেশে বিএনপি-জামায়াতের হরতাল চলার সময় যশোরের দড়াটানা মোড়ের ভৈরব চত্বরে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী পৌর মেয়র ও বিএনপির নেতা মারুফকে মারপিট করেন। এর প্রতিবাদে ওই দিন সংবাদ সম্মেলন করে আজ শনিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোর শহরে হরতাল ডাকে স্থানীয় বিএনপি।