বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, লাঠিপেটায় আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলায় বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মোহাম্মদ শাহজাহান মোল্লাকে (৫০) গ্রেপ্তারের প্রতিবাদে আজ সোমবার থানা ঘেরাও করা হয়। কোতোয়ালি থানা ঘেরাও করলে পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত দেড়টার দিকে কৈজুরি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শাহজাহান মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে। গঙ্গাবর্দী গ্রামে শাহজাহান মোল্লার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে আজ সকাল সোয়া ১০টার দিকে তিন শতাধিক জনতা শহরে কোতোয়ালি থানা ঘেরাও করে। পুলিশ তাদের সরে যেতে বললেও অবরোধকারীরা সেখানে অবস্থান করে বিক্ষোভ দেখাতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর পুলিশ লাইনের সদস্য ও র্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত পাঁচজন আহত হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন—এমন অভিযোগে শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত হয়েছে। শাহজাহান মোল্লার ভাই এনামুল হোসেন বলেন, তাঁর ভাই কৈজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি টানা তৃতীয়বারের মতো ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবারও নির্বাচনে অংশ নিতেন। আজ তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি দাবি করেন।