বিএনপি নেতা মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ খান আর নেই
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা এম হামিদুল্লাহ খান (৭৪) আজ শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বিমানবাহিনীর সাবেক এই উইং কমান্ডার হামিদুল্লাহ খান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের সাব-কমান্ডার ছিলেন। ১১ নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল আবু তাহের যুদ্ধে আহত হওয়ার পর হামিদুল্লাহ খান ওই সেক্টরের দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক খেতাব পান। হামিদুল্লাহ খান ১৯৭৯ ও ’৯১ সালে মুন্সিগঞ্জ থেকে সাংসদ নির্বাচিত হন। তিনি বিএনপির বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। ১৯৭৯ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে ১৯৯৬ সালে বছরখানেকের জন্য তিনি আওয়ামী লীগে যোগ দেন। মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, হামিদুল্লাহ খান উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আজ সকাল আটটার দিকে হূদরোগে আক্রান্ত হলে তাঁকে সেনানিবাসের বাসা থেকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই বেলা দুইটার কিছু পরে তিনি মারা যান। বিকেলে হামিদুল্লাহ খানের লাশ তাঁর সেনানিবাসের বাড়িতে নেওয়া হয়। রাতেই সেনানিবাসের মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কাল শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর লাশ দাফন করা হবে।