বিএনপি নেতাই বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের মতো একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের রক্ষায়ও বিএনপি যে চেষ্টা করছে, তা এখন দিবালোকের মতো স্পষ্ট।আজ বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদ।বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের জবাবে হানিফ বলেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার রাজনীতি করে না। তাঁদের দলের (বিএনপি) একজন শাস্তির ভয়ে বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। বিএনপির এই নেতার উদ্দেশে হানিফ বলেন, ‘তৃতীয় শক্তির হাতে ক্ষমতা দিয়ে শেখ হাসিনা উড়াল দেবেন—এটি ইতিহাসের কথা নয়। পালিয়ে যাওয়ার কথা যদি বলেন তাহলে আপনাদের নেতা তারেক রহমান শাস্তির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, সেই কথা বলুন।’হানিফ বলেন, আওয়ামী লীগ প্রতিশোধপরায়ণ দল নয়। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময় দলের (আওয়ামী লীগ) একুশ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, সাংসদ আহসানউল¬া মাস্টারসহ অনেক নেতা-কর্মী এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। তিনি বলেন, ‘আমরা যদি এর প্রতিশোধ নিতে চাইতাম, তাহলে বিএনপির কোনো নেতা-কর্মী এ দেশে থাকতে পারত না। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। বিচারের মাধ্যমেই সংশ্লি¬ষ্টদের শাস্তি কার্যকর করব।’বিএনপি জনমানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি না দিয়ে জনমত সৃষ্টির জন্য সভা সমাবেশ করবে—এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হানিফ বলেন, ‘তারা বাস্তবতা বুঝতে পেরেছে, এ জন্য ধন্যবাদ। আমরা বহুবার বলেছিলাম, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। আন্দোলন-সংগ্রামকে এ দল ভয় পায় না। অযৌক্তিক কোনো দাবি-দাওয়া এ দল থেকে আদায় করা যায় না।’আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির দাবি-দাওয়া এবং আন্দোলনে যে মানুষ সাড়া দেয়নি, দেরিতে হলেও তারা তা বুঝতে পেরেছে। তাই এখন জনমত সৃষ্টির কথা বলছে। এই কঠিন বাস্তবতা অনুধাবন করার জন্য হানিফ আবারও তাদের (বিএনপি) ধন্যবাদ জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।