বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বামনদিতে আজ বৃহস্পতিবার সকালে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নেতার নাম আবদুল আলীম। এ সময় আলীমের সঙ্গে থাকা তাঁর ভাই ইন্তাজুল হকও দুর্বৃত্তদের আঘাতে আহত হন।নিহত আলীমের বাড়ি বামনদিতে। তিনি বামনদি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং বামনদি বাজার সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বামনদি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আউয়াল এ বিষয়টি নিশ্চিত করেছেন।আহত ইন্তাজুল বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন আছেন। প্রথম আলো ডটকমকে দেওয়া ইন্তাজুলের ভাষ্যমতে, সকাল সাড়ে ১০টার দিকে ভাইকে নিয়ে মোটরসাইকেলে করে গাংনীর বামনদি থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে চারটি মোটরসাইকেল তাঁদের পিছু নেয়। বামনদি বাজারের কিছু দূরে একটি মোটরসাইকেলের আরোহী আলীমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আলীম তাঁর পিঠে পড়ে যায়। এরপর আরেকটি মোটরসাইকেলের আরোহী ইন্তাজুলকে লক্ষ্য করে গুলি ছুড়লে এটি তাঁর পায়ের কাছ দিয়ে চলে যায়। মোটরসাইকেল থামালে দুর্বৃত্তরা আলীমের মাথায় হাতুড়ি দিয়ে পেটায় এবং ইন্তাজুলের শরীরের ওপর মোটরসাইকেল তুলে দেয়। এর পর তাঁরা মোটরসাইকেল চালিয়ে বামনদির দিকে চলে যায়।ইন্তাজুল দাবি করেন, সুজন, রহিদুল, সালাম ও সেন্টু নামের চারজনকে তিনি চিনতে পেরেছেন। এই চারজনের বাড়ি বামনদিতে।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক নবারুণ প্রথম আলো ডটকমকে বলেন, ইন্তাজুলের এক্স-রে প্রতিবেদন পাওয়ার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বলা যাবে।নিহতের ভাগ্নে শিমুল জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক প্রথম আলো ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের আগে বলা সম্ভব নয়।