বিএনপি নেতাকে ফাঁসাতে তাঁর বাসায় আর্জেস গ্রেনেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাকিমকে ফাঁসাতে তাঁর উত্তর বাজার এলাকার বাসায় আর্জেস গ্রেনেড রাখা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার ভোরে র্যাব সদস্যরা আর্জেস গ্রেনেডটি বিএনপির নেতার বাসা থেকে উদ্ধার করেন। র্যাব ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র্যাব-১২ জামালপুর-শেরপুর অঞ্চলের অধিনায়ক ক্যাপ্টেন মাহফুজুল হকের নেতৃত্বে র্যাব সদস্যরা গত শুক্রবার সন্ধ্যায় শ্রীবরদীর উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে কলাকান্দা গ্রামের রাজমিস্ত্রি রেজাউল করিমকে গ্রেপ্তার করেন। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা গতকাল ভোরে শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবদুল হাকিমের বাসা থেকে একটি আর্জেস গ্রেনেড উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। রেজাউল করিম ছাড়া গ্রেপ্তারকৃত আরও চারজন হলেন তাঁতীহাটি গ্রামের আবদুল আলীম (১৮), সাতানী শ্রীবরদী এলাকার মো. মানিক (৩৭), গেরামারা গ্রামের নান্ডা মিয়া (৫৫) ও ভায়াডাঙ্গা গ্রামের কামরুজ্জামান ওরফে কমর দফাদার (৫৫)।ক্যাপ্টেন মাহফুজুল হক আর্জেস গ্রেনেড উদ্ধার ও পাঁচজনের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বর্তমানে জামালপুরে র্যাবের দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, রেজাউল করিমসহ অন্যরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর জন্য গ্রেনেডটি বিএনপি নেতার বাসায় রেখে এসেছিলেন তাঁরা।এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, রাজনৈতিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে প্রতিপক্ষরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে।