বিএনপি নেতাকে হত্যা, রাজবাড়ীতে কাল হরতাল
রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে জেলা বিএনপির নেতা ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামসুল আলম বাবলু (৫০) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বিনোদপুর এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় আরিফ বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করেছে।এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাল শনিবার রাজবাড়ীতে অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি। শামসুল আলম একজন ঠিকাদার ব্যবসায়ী ছিলেন।শামসুল আলমের ছোট ভাই ওহিদুল ইসলামের ভাষ্যমতে, জমি নিয়ে স্থানীয় কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চুর সঙ্গে তাঁদের বিরোধ ছিল। এর জের ধরে চলতি বছরের ২ মার্চ তাঁর মেজ ভাই শহিদুল ইসলামকে গুলি করা হয়। ওই ঘটনায় বড় ভাই শামসুল আলম বাদী হয়ে ১২ জনের নামে হত্যাচেষ্টার একটি মামলা করেন। তবে পুলিশ ১০ জনের নামে অভিযোগপত্র দাখিল করে। ওই ১০ আসামি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। কিন্তু তাঁদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল রাজবাড়ীর নিম্ন আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রাতে কাউন্সিলর বাচ্চু ও তাঁর লোকজন শামসুল আলমের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। পূর্বশত্রুতার জের ধরে বাচ্চু ও তাঁর লোকজন গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে শামসুল আলমকে গুলি করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তাঁরা ধারণা করছেন। গ্রেপ্তার হওয়া আরিফ বিশ্বাস জানান, তিনি রেলের কুলির কাজ করেন। হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল ১০টায় জেলা বিএনপির জরুরি সভায় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে কাল শনিবার রাজবাড়ীতে অর্ধদিবস হরতাল পালন করা হবে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় শামসুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া আরিফের নাম শাহ আলমের করা মামলার এজাহারে ছিল, তবে পরে দাখিল করা অভিযোগপত্রে ছিল না।