বিএনপি নেতাদের ওপর হামলায় বিচার বিভাগীয় তদন্ত দাবি
হরতাল চলাকালে বিএনপি নেতা মির্জা আব্বাস, শমশের মবিন চৌধুরী ও শহীদউদ্দিন চৌধুরীর ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপির সংসদীয় দল। আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক এ দাবি জানান। এ ছাড়া জয়নাল আবদিন সংসদে যোগ দেওয়ার শর্ত হিসেবে খালেদা জিয়ার শহীদ মইনুল সড়কের বাসা বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, খালেদা জিয়ার বাসায় সংসদের দিনের কার্যসূচি সরবরাহ, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে সংসদকে অবহিত করা এবং দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা, দ্রব্যমূল্য ও টিপাইমুখ বাঁধ বিষয়ে বিএনপি সাংসদদের দেওয়া মুলতবি প্রস্তাব গ্রহণ করে আলোচনার সুযোগ দেওয়ার দাবি জানান। ফারুক বলেন, সরকার ও সংসদ এসব দাবি মেনে নিলে আমরা সংসদে যোগ দেব। তবে বিএনপি এ দফায় বাজেট আলোচনায় অংশ নিচ্ছে না বলেও তিনি জানান।গত রোববার হরতাল চলাকালে পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী এবং বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাংসদ শহীদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে।