বিএনপি নেতাদের কাল মুক্তি না দিলে নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীকাল বুধবারের মধ্যে দলের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি না দিলে দ্রুত পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক চলার সময় সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন ফখরুল। আজ রাত নয়টার পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়, শেষ হয় সোয়া ১০টার দিকে। বৈঠক চলার মাঝামাঝি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের জানান, ২২ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া যাবেন। সেখানে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন তিনি। এরপর ২৩ মার্চ জয়পুরহাট যাবেন খালেদা জিয়া। সেখানেও তিনি পুলিশের গুলিতে নিহত লোকজনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন। ওই দিন বিকেলে ফেরার পথে বগুড়ার শাজাহানপুরে একটি পথসভায় বক্তব্য দেবেন খালেদা। ফখরুল আরও বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৫ মার্চ বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ২৬ মার্চ সকালে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া ২১ মার্চ খালেদা জিয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সরকারবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন বলেও জানান মির্জা ফখরুল। স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনী আইন, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকার মতো বিষয়গুলোতে বিএনপির অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। আগামীকাল সকালে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল পাঠানো হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।