বিএনপি নেতাদের জামিনের আবেদনের শুনানিতে বিব্রত হাইকোর্টের বেঞ্চ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাদের জামিনের আবেদনের শুনানিতে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।আজ বুধবার সকালে বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিএনপির নেতাদের জামিন আবেদন উপস্থাপন করা হয়। একপর্যায়ে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি বিব্রত বোধ করেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল প্রথম আলো ডটকমকে জানান, মির্জা ফখরুলসহ বিএনপির নেতাদের পক্ষে আগাম জামিনের ছয়টি আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়। একপর্যায়ে কনিষ্ঠ বিচারপতি বিব্রত বোধ করেন। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়।গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে বিকেলে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানায় আরেকটি মামলা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে এসব মামলা হয়। ৩০ এপ্রিল এই দুই মামলায় বিএনপির নেতা রিজভীকে কাকরাইল থেকে গ্রেপ্তার করা হয়।