বিএনপি নেতাদের প্রতিক্রিয়া জানাতে মানা, জামায়াতও চুপ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির রায় কার্যকরের বিষয়ে দলীয় বা ব্যক্তিগত প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকতে বিএনপির নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি ও এর কেন্দ্রীয় নেতারা।কোনো প্রতিক্রিয়া জানায়নি জামায়াতে ইসলামীও। দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা হয় ফোন ধরেননি, নয়তো ব্যক্তিগত সহকারী ফোন ধরে বলেছেন, ‘স্যার মিটিংয়ে আছেন।’বেশির ভাগ ধর্মভিত্তিক রাজনৈতিক দলও নিজ থেকে এ ঘটনার কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে যোগাযোগ করা হলে কয়েকজন নেতা দায়সারা কিছু কথা বলেন।বিএনপি: গতকাল বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করার বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে কয়েকজন শীর্ষস্থানীয় নেতা প্রথম আলোকে জানান, এ ব্যাপারে দলীয় বা ব্যক্তিগত প্রতিক্রিয়া না জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে একে কীভাবে দেখছেন জানতে চাইলেও তাঁরা অপারগতা জানান। কয়েকজন নেতা শুধু বলেছেন, এটা আইনি ব্যাপার। এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।গতকাল সাংবাদিকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁরা কেবল একটা কথাই বলেন, ‘যেতে দাও।’ মওদুদ আহমদের কাছে এ ব্যাপারে টেলিফোনে জানতে চাইলে তিনিও কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহাবুবুর রহমান টেলিফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে শেষ হয়েছে। তাই বলার কিছু নেই। তিনি নিজের ব্যক্তিগত মত উল্লেখ করে বলেন, ‘তবে রাষ্ট্রপতি খুনিদের প্রাণভিক্ষা দিলে পারতেন।’ বিএনপি সূত্র জানায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না জানাতে দলের নেতাদের নির্দেশ দিয়েছেন। গত ১৯ নভেম্বর আপিল বিভাগে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণার পর কোনো কোনো নেতা ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে খালেদা জিয়ার রোষানলে পড়েন। বিশেষ করে সাবেক আইনমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে খালেদা জিয়া ডেকে নিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য ক্ষোভ প্রকাশ করেন।আপিল বিভাগের রায়ের পর প্রায় আড়াই মাস পার হলেও বিএনপি এখনো পর্যন্ত ওই রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।জামায়াত: সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমানের কাছে দলীয় প্রতিক্রিয়া জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার মনে হয় শীর্ষ নেতাদের জিজ্ঞেস করুন। ওনারা যা মনে করেন, বলবেন।’ আপনিও তো শীর্ষস্থানীয় নেতাদের একজন—এই মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘এসব স্পর্শকাতর বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না।’নায়েবে আমির মকবুল আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর সহকারী জানান, ‘জনাব মকবুল তাঁর কক্ষে নেই।’ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর সহকারী জানান, ‘স্যার ব্যস্ত আছেন।’সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী জানান, ‘তিনি (কামারুজ্জামান) বৈঠকে আছেন।’জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেন, ‘আদালতের রায় হয়েছে, ফাঁসি কার্যকর হয়ে গেছে, এটার আবার প্রতিক্রিয়া কী?’সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁর সহকারী ফোন ধরে বলেন, ‘স্যার ঘরোয়া বৈঠকে আছেন। কথা বলতে পারবেন না।’দায়সারা প্রতিক্রিয়া: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এইটা তো আদালতের বিষয়। কী বলব? আদালতের রায় দেশবাসী মাইনা নিছে।’খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মো. ইসহাকের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জিজ্ঞেস করেন, ‘অন্যরা কি কোনো প্রতিক্রিয়া দিয়েছে নাকি?’ পরে তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালত থেকে বিচারে ফাঁসি হয়েছে; প্রতিক্রিয়া দেওয়া যায় না। আদালতের বিপক্ষে কোনো প্রতিক্রিয়া দেওয়া যায় না। বিপক্ষে বললে আদালত অবমাননায় পড়ে যাব। তাই পক্ষে বলা আর বিপক্ষে বলার কিছু নাই। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত, সেটা মেনে নেওয়া উচিত।’পুরো কলঙ্ক মোচন এখনো হয়নি: সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান বলেছেন, এই ফাঁসির মধ্য দিয়ে দেশবাসী এক কলঙ্কজনক অধ্যায় থেকে কিছুটা মুক্তি পেয়েছে। তবে বঙ্গবন্ধুর অন্য যে খুনিরা বিভিন্ন দেশে পালিয়ে আছে, তাদের ধরে এনে ফাঁসি না দেওয়া পর্যন্ত জাতির পুরোপুরি কলঙ্ক মোচন হবে না।