বিএনপি নেতাদের বিরুদ্ধে করা গাড়ি পোড়ানো মামলা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলার বিচারিক আদালতের (দ্রুত বিচার আদালত-৫) কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার দুপুরে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। এর আগে সকালে হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চের এক বিচারপতি এই রিটের শুনানিতে বিব্রতবোধ করেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, দ্রুত বিচার আদালত-৫-এর বিচারিক কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ সময়ে ওই আদালতে গাড়ি পোড়ানো মামলার কার্যক্রম স্থগিত থাকবে।এ ছাড়া ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) দেওয়া আদেশে বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দ্রুত বিচার আদালত-৫ গঠন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে আইন, মন্ত্রিপরিষদ, জনপ্রশাসন সচিব, মুখ্য মহানগর হাকিমসহ ছয় বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।রিটকারীর আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, এই আদালতের কার্যক্রম স্থগিত করায় সেখানে বিচারাধীন বিরোধী দলের নেতাদের মামলাটির কার্যক্রমও স্থগিত থাকবে।সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারির পরিবর্তে সিএমএমের আদেশে বিচারকের বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দ্রুত বিচার আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৯ জুলাই হাইকোর্টে রিট আবেদনটি করেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন। তিনি নিজেও গাড়ি পোড়ানোর মামলার আসামি। বিব্রত এক বিচারপতি: গত রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। আদালত গতকাল প্রথমার্ধে শুনানির সময় নির্ধারণ করেন। সে অনুযায়ী গতকাল বেলা ১১টার মধ্যে রিটকারীর আইনজীবীরা ওই দ্বৈত বেঞ্চে উপস্থিত হন। সোয়া ১১টায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার আদালতে বলেন, এ মামলায় শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল। তাই দুপুর ১২টায় শুনানির জন্য সময় নির্ধারণের আরজি জানান তিনি। এ সময় রিটকারীর আইনজীবী রফিক-উল হক বলেন, আগেই আদালত শুনানির দিন ও সময় নির্ধারণ করেছেন। এখন সময় চাওয়া গ্রহণযোগ্য হতে পারে না। একপর্যায়ে জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘আমাদের একজন শুনতে বিব্রতবোধ করছেন।’ পরে আদালত বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দিয়ে আবেদনকারীকে অন্য কোনো বেঞ্চে তা উত্থাপনের সুযোগ দেন। অপর বেঞ্চে শুনানি: এরপর বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে রিটটি উপস্থাপন করেন আবেদনকারীর আইনজীবীরা। আদালত সাড়ে ১২টায় শুনানির সময় নির্ধারণ করেন। শুনানিতে রফিক-উল হক বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইন-২০০২ (সংশোধন-২০১০)-এর ৮ ধারা অনুযায়ী সরকার প্রজ্ঞাপন জারি করে দেশের যেকোনো জেলায় এক বা একাধিক দ্রুত বিচার আদালত গঠন করতে পারে। একই আইনে সরকার সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ ও বিচারকের বিচারিক অধিক্ষেত্র নির্ধারণ করবে। কিন্তু ঢাকার ৫ ও ৭ নম্বর দ্রুত বিচার আদালত গঠনের ক্ষেত্রে সরকার কোনো প্রজ্ঞাপন জারি করেনি। সিএসএম একটি আদেশ দিয়ে আদালত গঠন ও এর বিচার নিয়োগ করেছেন, এটা বেআইনি।এ সময় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চান। আদালতে উপস্থিত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ বলেন, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন, তিনি আসছেন। কয়েক মিনিটের ব্যবধানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত হন। তিনি শুনানিতে বলেন, ওই আইনের ৮ ধারা অনুযায়ী সরকার ট্রাইব্যুনাল গঠন করবে ও বিচারক নিয়োগ করবে। ২০০২ সালের ১০ এপ্রিল আইনটি করা হয়। ওই আইনে একই বছরের ৮ মে ঢাকায় চারটি আদালত গঠন করা হয়। এ-সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, ২০০৮ সালে সিএমএম এনামুল হক দ্রুত বিচার আইনের মামলা নিষ্পত্তির জন্য বিচারকদের নাম উল্লেখ করে দ্রুত বিচার আদালত গঠনে অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে সরকার সুপ্রিম কোর্টের অনুমতি সাপেক্ষে তা অনুমোদন করে। তা গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়। আদালত জানতে চান, সরকার কি গেজেট জারি করেছে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘না।’ তিনি আরও বলেন, আবেদনে রুল জারি ও মামলা স্থগিতের আরজি জানানো হয়েছে। ওই মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এ পর্যায়ে তাঁরা ফৌজদারি কার্যবিধির ৫৬১-এ ধারায় কোয়াশমেন্ট (বাতিল) আবেদন করতে পারেন। মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন গ্রহণযোগ্য নয়। রিটকারীর আরেক আইনজীবী আহসানুল করিম বলেন, এই মামলায় প্রশ্ন হচ্ছে আদালতের এখতিয়ার নিয়ে। যদি আলোচিত আদালতের বিচার করার এখতিয়ার না থাকে, তবে মামলার সব বিচার কার্যক্রম অবৈধ হয়ে যাবে। ওই মামলায় কাল (আজ মঙ্গলবার) সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। শুধু রুল জারি করলে তার কার্যকারিতা থাকবে না।বিরতির পর বেলা সোয়া দুইটায় আদালত আদেশ দেন। এ সময় আদালতে রিটকারীর পক্ষে আইনজীবীদের মধ্যে আরও ছিলেন মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, এম বদরুদ্দোজা, কায়সার কামাল, রাগীব রউফ চৌধুরী, গাজী কামরুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে আরও ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান, ইকরামুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান।প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল বিরোধী দলের হরতালের দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে একটি গাড়ি পোড়ানো হয়। এ ঘটনায় ওই দিন পুলিশ বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করে। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৫ নেতার বিরুদ্ধে গত ১০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ৩১ জুলাই দ্রুত বিচার আদালত-৭-এ এই মামলার অভিযোগ গঠনের ধার্য তারিখে আদালতের ওপর অনাস্থা জানায় আসামিপক্ষ। ওই দিনই সিএমএম মামলাটি দ্রুত বিচার আদালত-৫-এ পাঠান এবং ৪৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আজ ৭ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।