বিএনপি নেতাদের বিরুদ্ধে ১১ দিনেই অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গতকাল বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া হয়েছে।অভিযোগপত্রে ৩৭ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাকি আট আসামির মধ্যে সাতজন কারাগারে এবং একজন জামিনে মুক্ত আছেন।ঘটনার ১১ দিনের মাথায় ডিবির পরিদর্শক নুরুল আমিন গতকাল দ্রুত বিচার আইনে অভিযোগপত্রটি ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার আদালতে জমা দেন। বিচারক অভিযোগপত্রটি মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে পাঠান।ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, ১৩ মে আদালত অভিযোগপত্র গ্রহণ করার জন্য তারিখ ধার্য করেছেন। ওই দিন পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।বিএনপির নেতাদের আইনজীবী ও দলটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার বলেন, এই মামলায় মির্জা ফখরুলসহ ৪৫ জন নেতা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। একটি বেঞ্চে বিভক্ত আদেশ হওয়ায় তা শুনানির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে যাবে। যতক্ষণ পর্যন্ত তৃতীয় বেঞ্চ এ বিষয়ে সিদ্ধান্ত না দেন, ততক্ষণ পর্যন্ত তাঁদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সুযোগ নেই।তৃতীয় বেঞ্চ গঠন: বিএনপির নেতাদের জামিনের বিষয়ে ৭ মে একটি দ্বৈত বেঞ্চে বিভক্ত আদেশর পর বিষয়টি গতকাল প্রধান বিচারপতির কাছে যায়। গতকাল সন্ধ্যায় প্রধান বিচারপতির সচিব (হাইকোর্ট বিভাগ) কবির আহমেদ প্রথম আলোকে বলেন, বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হককে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী রোববার মোহাম্মদ আনোয়ার উল হকের একক বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।এর আগে দ্বৈত বেঞ্চে জ্যেষ্ঠ বিচারপতি পুলিশি প্রতিবেদন দাখিল করা পর্যন্ত আবেদনকারী বিএনপির নেতাদের জামিন মঞ্জুর করেছিলেন। তবে অপর বিচারপতি তাঁদের এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এবং এই সময় পর্যন্ত হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দেওয়া হয়।অভিযোগপত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: এই অভিযোগপত্রকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে বিএনপির নেতারা এই দাবি করেন। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্যত্র ফিরিয়ে নিতে সরকার বিএনপির জ্যেষ্ঠ নেতা ও ১৮ দলীয় শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দিয়েছে। একটি মামলায় আজ অভিযোগপত্রও দেওয়া হয়েছে। আমরা এর নিন্দা জানাই।’ তিনি অবিলম্বে এই মিথ্যা অভিযোগপত্র ও মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি দাবি জানান।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, বিরোধী দলকে হয়রানি করতে পুলিশ এই ফরমায়েশি অভিযোগপত্র দিয়েছে। ১৮ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া এই অভিযোগপত্রকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলীকে জীবিত ফেরত দেওয়ার দাবিতে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে ফ্যালকন টাওয়ারের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তেজগাঁও থানায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের ৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে।পরে অভিযোগপত্রে এজাহারের আসামি ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুল জব্বারের নাম বাদ দেওয়া হয়। আর এজাহারের বাইরে দুজনের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা হলেন স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি মান্নান হোসেন ও ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার সভাপতি ইসমাইল হোসেন।অভিযোগপত্রে যা বলা হয়েছে: অভিযোগপত্রে বলা হয়, মামলার এজাহারে বর্ণিত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হয়। বিএনপি ও সমমনা দলের ডাকা হরতালের সময় ও পূর্বাপর জ্বালাও, পোড়াও, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করা হয়। হরতাল সফল করার জন্য আসামিরা পারস্পরিক মুঠোফোনের মাধ্যমে যে কথাবার্তা বলেন, তা ধারণ করা সিডি সংগ্রহ করা হয়েছে।অভিযোগপত্রে বলা হয়, আসামিদের মধ্যে বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী, সাংসদ মাহবুব উদ্দিন খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক মীর শরাফত আলী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম, বিজেপির সভাপতি আন্দালিব রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম, জাগপার শফিউল আলম প্রধানসহ ১ থেকে ৩৬ নম্বর আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতনসহ ১ থেকে ৮ নম্বর আসামি প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনা, ইন্ধন ও পরিকল্পনায় জড়িত। তাঁরা সবাই ছয়-সাতটি মাইক্রোবাসে করে ঘটনাস্থলে এসে বাসটির গতি রোধ করেন। এরপর ১ ও ২ নম্বর আসামি সোহেল মিয়া ও জসিম উদ্দিন ফ্যালকন টাওয়ারের সামনে যাত্রীবাহী বাস ভাঙচুর করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন।উল্লেখ্য, ওই বাসের কনডাক্টর (ভাড়া আদায়কারী) সোহেল মিয়া (বাড়ি-মানিকগঞ্জ) ও হেলপার (চালকের সহকারী) জসিম উদ্দিনকে (বাড়ি-কুমিল্লা) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের এজাহারে ১ ও ২ নম্বর আসামি করা হয়েছে। আর অভিযোগপত্রে বলা হয়েছে, এই দুজন বাসে আগুন দিয়েছেন।এ ছাড়া আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এস এম হান্নান শাহ, সাবেক মেয়র সাদেক হোসেন, রুহুল কবীর রিজভী আহমেদ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ ও জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত নায়েবে আমির মকবুল আহমাদের বিরুদ্ধে কী অভিযোগ, তা অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি। তবে অভিযোগপত্রের সব শেষে তদন্ত কর্মকর্তা বলেছেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মহানগর দায়রা জজ আদালতের পিপির মতামত পেয়ে ৪৫ জন আসামির বিরুদ্ধে দ্রত বিচার আইনে অভিযোগপত্র দাখিল করিলাম।’একজনকে অব্যাহতি: এজাহারভুক্ত আসামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল জব্বারের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় তাঁকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। আরও বলা হয়, ভবিষ্যতে তাঁর নাম-ঠিকানা পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।কারাগারে আটক সাতজন: অভিযোগপত্রভুক্ত ৪৫ জনের সাতজন বর্তমানে কারাগারে আছেন। তাঁরা হলেন: বিএনপির রিজভী আহমেদ, কামরুজ্জামান রতন, মান্নান হোসেন শাহীন, ইসমাইল খান শাহীন, মানিক রতন, সোহেল ওরফে সোহান মিয়া ও জসিমউদ্দিন।জামিনে একজন: আরেক আসামি বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন জামিনে মুক্ত আছেন।অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা: উল্লিখিত ব্যক্তিরা ছাড়াও অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন: বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ঢাকা উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের (দক্ষিণ) সভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, ঢাকা মহানগর ছাত্রদলের দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসির, ঢাকা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার মো. আনোয়ারুজ্জামান ও ইউনুস মৃধা, বিএনপির নেতা লুৎফুর রহমান, নবী সোলায়মান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী।