বিএনপি নেতার হত্যাকাণ্ড নিয়ে অন্ধকারে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা আবদুর রহমান হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ ও তাঁর পরিবার এখনো নিশ্চিত হতে পারেনি।তেজগাঁও থানা সূত্র জানায়, গতকাল শুক্রবার সকালে বিএনপির নেতা রহমানের বড় ভাই মুজিবুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। তবে এজাহারে আসামি হিসেবে কারও নাম কিংবা কারণ উল্লেখ করেননি। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার রাতে খুন হওয়ার আগে রহমান পূর্ব তেজতুরী বাজারে একটি নির্মাণাধীন ভবনে দলীয় নেতা-কর্মীসহ ১৩ জনের সঙ্গে গল্প করছিলেন। তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, হত্যাকাণ্ডের আগে তাঁরা একসঙ্গে বসে কথা বলেছেন। এরপর রহমান তাঁর চার বন্ধুকে নিয়ে গাড়িতে ওঠেন। তাঁদের মধ্যে দুজনকে মিরপুরে নামিয়ে দেওয়ার কথা ছিল। ঘটনাস্থলটি অন্ধকার থাকায় রহমানের সঙ্গীরা কাউকে চিনতে পারেননি।মনিরুজ্জামান আরও জানান, রহমান সাতটি কাভার্ড ভ্যানের মালিক। তিনি সপরিবারে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকলেও প্রতিদিন সকালে ব্যবসায়িক কারণে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আসতেন। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে রহমানের লাশ তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের পুরান বাজারে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা পূর্ব তেজতুরী বাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে চালকের আসনে বসা ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবদুর রহমানকে গুলি করে হত্যা করে। ওই গাড়িতে থাকা তাঁর বন্ধুরা অক্ষত ছিলেন।