বিএনপি নেতার হাতকড়া লাগানো লাশ উদ্ধার (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে হাতকড়া লাগানো অবস্থায় ঢাকার এক বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রফিকুল ইসলাম মজুমদার। তিনি ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের মাঠ থেকে পুলিশ গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে। আজ রোববার সকাল নয়টার দিকে কুমারখালী থানায় গিয়ে লাশটি রফিকুল ইসলাম মজুমদারের বলে শনাক্ত করেন তাঁর দ্বিতীয় স্ত্রী আয়েশা সিদ্দিকা। কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ জানান, মৃত রফিকুল ইসলাম মজুমদারের মাথায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর গলায় মাফলার প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ছাড়া লাশের হাতকড়ার গায়ে ‘পুলিশ’ শব্দটি খোদাই করা আছে। রফিকুল ইসলাম তাঁর শ্বশুরবাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে বেড়াতে গিয়েছিলেন। তাঁর শাশুড়ি লিপি খাতুন প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত সাড়ে সাতটার দিকে সাত-আটজন লোক একটি মাইক্রোবাস নিয়ে তাঁদের বাড়ির সামনে আসেন। তাঁরা নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে রফিকুলকে হাতকড়া পরিয়ে নিয়ে যান। রফিকুল ইসলামের শ্যালিকার স্বামী আবু সাঈদের দাবি, মাইক্রোবাসে করে আসা প্রত্যেকের হাতে অস্ত্র ও পরনে র‌্যাবের কালো পোশাক ছিল। পোশাকে ‘র‌্যাব’ লেখা ছিল। মাইক্রোবাসের সামনেও ‘র‌্যাব’ লেখা স্টিকার ছিল। এ ব্যাপারে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার হামিদুল হক মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, র‌্যাব সদস্য সেজে সন্ত্রাসীরা রফিকুল ইসলামকে অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে ঝিনাইদহ র‌্যাবের কোনো সম্পৃক্ততা নেই।রফিকুল ইসলামের স্ত্রী আয়েশা সিদ্দিকা প্রথম আলো ডটকমকে জানান, প্রথম স্ত্রীর সঙ্গে অনেক আগেই রফিকুলের বিচ্ছেদ হয়ে গেছে। সেই সংসারে তিন ছেলে ও এক মেয়ে আছে। রফিকুলের বাড়ি চাঁদপুরের শাহরাস্তির চণ্ডীপুর গ্রামে। ঢাকার শনির আখড়া এলাকায় তাঁর তৈরি পোশাকের ব্যবসা আছে। স্ত্রী আয়েশা ও পাঁচ বছর বয়সী ছেলে জারিফ আল মাহিদকে নিয়ে রফিকুল কদমতলী থানার জিয়া সরণি সড়কের একটি বাড়িতে থাকতেন। কোনো পারিবারিক বিরোধ বা রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ড হয়নি বলে দাবি করেন রফিকুলের স্ত্রী। তাঁর অভিযোগের তির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, বাজারে ‘পুলিশ’ লেখা হাতকড়া পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা এ সুযোগটা কাজে লাগিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।