বিএনপি নেতারা মুক্ত হলেই সংলাপ হতে পারে: হানিফ
সংলাপের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সংলাপের এখনো অনেক সময় আছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা মুক্তি পেয়ে বেরিয়ে এলে চলমান সংকট নিরসনে সংলাপ হতে পারে। তবে সরকার এ ক্ষেত্রে লিখিত প্রস্তাব দেবে না। দাবি বিরোধী দলের, তাই প্রস্তাব তাদেরই দিতে হবে। আজ মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় অবস্থান তুলে ধরে হানিফ এসব কথা বলেন।মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি কেন, কোনো রাজনৈতিক শীর্ষ নেতার গ্রেপ্তার সমর্থন করি না। তাঁদের গ্রেপ্তার যেমন দুর্ভাগ্যজনক, তেমনি তাঁদের সন্ত্রাসী কর্মকাণ্ড আরও দুর্ভাগ্যজনক। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা বেরিয়ে আসবেন।’ফটিকছড়ির মতো ঘটনা আবারও ঘটানো হবে, বিএনপির নেতাদের এমন হুমকির বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, দেশের অনেক মানুষ মনে করে, বিএনপির ওইসব নেতার সঙ্গে অনেক দল ও এজেন্সির যোগসূত্র আছে। এসব উসকানিমূলক ও অসংলগ্ন কথা বলে তাঁরা নিজেদের লিগ্যালাইজ (বৈধ) করার চেষ্টা করছে।নির্বাচন নিয়ে সুশীল সমাজের বিভিন্ন ফর্মুলা প্রদান প্রসঙ্গে হানিফ বলেন, ‘এ ধরনের ফর্মুলা দিয়ে সুশীল সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করছে। নির্বাচনের ফর্মুলা সংবিধানেই রয়েছে। যারা রাজনীতি করে জনগণের আস্থা অর্জন করতে পারবে না, তাদের লাভের জন্যই এ ধরনের ফর্মুলা দেওয়া হচ্ছে। তাই নতুন কোনোও ফর্মুলা দেওয়ার দরকার নেই।’হানিফ আরও বলেন, পাঁচ বছর যদি একটি নির্বাচিত সরকারকে দায়িত্ব দিতে পারে জনগণ। তবে তারা তিন মাস কেন চালাতে পারবে না। নির্বাচন কমিশনের প্রতি সরকারের আস্থা রয়েছে। এ সরকারের আমলে ছয় হাজারের বেশি নির্বাচন হয়েছে। তার কোনোটি নিয়েই প্রশ্ন ওঠেনি। প্রয়োজনে এ কমিশনকে আরও শক্তিশালী করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা হবে।লিখিত বক্তব্যে হানিফ বলেন, ‘গণতন্ত্রের ছদ্মাবরণে বিএনপি-জামায়াত অশুভ জোট অযাচিতভাবে একের পর এক হরতাল আহ্বান করে রক্তের হোলিখেলায় উন্মত্ত আচরণ করছে।’ তিনি বলেন, এ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তারা দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। পাকিস্তানি হানাদার বাহিনীর মতো পোড়ামাটির নীতি অবলম্বন করে দেশকে ব্যর্থ, অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। রাতের অন্ধকারে অস্ত্র উঁচিয়ে পেছনের দরজা দিয়ে অবৈধ ক্ষমতা দখলদার স্বৈরশাসকদের দল বিএনপি দেশকে অন্ধকার যুগে নিতে চায়।’ এ সময় ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন বিপন্ন করে সর্বনাশা আত্মঘাতী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইতিবাচক দায়িত্বশীল ভূমিকা পালন করুন। আমাদের সহযোগিতা করুন।’সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুইয়া, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।