বিএনপি ন্যায্য প্রস্তাব দিলে আবারও সংবিধান সংশোধন: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল আলোচনায় এসে যৌক্তিক প্রস্তাব দিলে প্রয়োজনে নতুন করে সংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হতে পারে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। আজ সোমবার সংসদের বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।বিরোধী দলের উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘আপনারা সংসদে আসেন। প্রস্তাব দেন। আমাদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা আছে, আপনারা যদি ন্যায্য কথা বলেন, দরকার হলে আবার সংবিধান সংশোধন করা হবে।’বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। আপনি যেকোনো প্রতিনিধি পাঠান। একজন নয়, দরকার হলে চারজন পাঠান। কোনো বক্তব্য থাকলে তা রেকর্ডে রাখা হবে।’তত্ত্বাবধায়ক সরকার থাকছে না জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘ক্ষমতাসীন সরকার শেষ তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যাবে। তখন সব প্রশাসনিক দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। সরকার শুধু তার রুটিন দায়িত্ব পালন করবে। সুতরাং আসুন, অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাসের জন্য নির্বাচন কমিশনকে সর্বময় ক্ষমতার অধিকারী করি। প্রয়োজনে স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের দিয়ে দেওয়া যেতে পারে।’গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘খালেদা জিয়াকে অনুরোধ জানাতে চাই, বিবৃতি পাল্টা বিবৃতি বাদ দিয়ে আলোচনায় আসেন। আপনারা নির্বাচন কমিশনের ওপর নির্ভর করেন। আসুন, আপনাদের নিয়েই নির্বাচন কমিশন গঠন করি। ব্যক্তিত্ব ও মর্যাদাসম্পন্ন নির্বাচন কমিশনার নির্বাচন করি। এই তিন মাসের সরকারের সময়ে পতাকা শুধু শেখ হাসিনার থাকবে না, খালেদা জিয়ারও পতাকা থাকবে।’খালেদা জিয়াকে উদ্দেশ করে সুরঞ্জিত আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন সরকারই একমাত্র সাংবিধানিক পথ। আর যদি রাস্তায় থাকতে চান, থাকেন। আরও আড়াই বছর আছে। চেষ্টা করে দেখতে পারেন। কোনো লাভ হবে না।’ সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আলোচনা সোহরাওয়ার্দী উদ্যানেও হতে পারে, আবার সংসদেও হতে পারে। তবে গণতন্ত্রকে ভালোবাসলে সংসদে এসে আলোচনা করেন। রাষ্ট্র ও জাতির স্বার্থে যা ভালো, আমরা তা-ই করব।’ এ বক্তব্যের পর স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বলেন, আলোচনার জন্য সংসদেই আসতে হবে। তবে আদালতের রায়ের বাইরে কোনো কথা বলা যাবে না, এটা গণতন্ত্র হতে পারে না।