বিএনপি নয়, জাতীয় পার্টিই জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধি: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম কিংবা সংবিধান থেকে বিসমিল্লাহির রাহমানির রাহিম বাতিল করা হলে তাঁর দল জাতীয় পার্টি এর বিরোধিতা করবে। তবে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহির রাহমানির রাহিম বহাল রেখে ’৭২-এর সংবিধানে ফিরে গেলে জাতীয় পার্টির কোনো আপত্তি থাকবে না। তিনি আজ বুধবার জাতীয় পার্টির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। এরশাদ দলের কর্মীদের উদ্দেশে বলেন, জাতীয় পার্টিকে ভবিষ্যতে এককভাবে নির্বাচন করার শক্তি অর্জন করতে হবে। তিনি বলেন, ‘মহাজোট সরকারের কাছে সবার অনেক প্রত্যাশা। তার সবগুলো পূরণ না হলেও আমাদের অর্জন একেবারেই কম নয়।’ তিনি মহাজোট সরকারের ক্ষমতায় আসার মধ্য দিয়ে একটি দুর্নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসী গোষ্ঠীর ক্ষমতায় আসার পথ রুদ্ধ হয়েছে, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বিএনপি সম্পর্কে বলেন, বিএনপি কোনো জাতীয়তাবাদী শক্তি নয়। কারণ স্বাধীনতাবিরোধী অপশক্তি তাদের সঙ্গে রয়েছে। তিনি জাতীয় পার্টিকেই জাতীয়তাবাদী শক্তির একমাত্র প্রতিনিধি হিসেবে উল্লেখ করেন।বিরোধী দলের সংসদ বর্জন সম্পর্কে এরশাদ বলেন, বিরোধী দল ঠুনকো অজুহাতে সংসদ অকার্যকর করে রেখেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের মামলা প্রত্যাহারের দাবিতে সংসদ বর্জন করার কোনো মানে হয় না। তিনি বিরোধী দলকে সংসদে ফিরে এসে দেশের মানুষের সমস্যার কথা তুলে ধরার আহ্বান জানান।জাতীয় পার্টির চেয়ারম্যান রাজধানী ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে দেশকে আটটি প্রদেশে বিভক্ত করার দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রাদেশিক ব্যবস্থা ছাড়া ঢাকার ওপর চাপ কমানো যাবে না।টিপাইমুখ বাঁধ সম্পর্কে এরশাদ বলেন, ‘আমরা আশা করি, সরকার এমন কিছু করবে না, যাতে দেশ ক্ষতিগ্রস্ত হয়।’ তিনি ভারতের উদ্দেশে বলেন, ভারতেরও এমন কিছু করা ঠিক হবে না, যাতে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মহাসমাবেশে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, দলের মহাসচিব সাংসদ রুহুল আমিন হাওলাদার, সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, সাংসদ রওশন এরশাদ, জিয়াউদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদসহ দলের কেন্দ্রীয় নেতারা।