বিরোধী দল যে মুহূর্তে পদত্যাগ করবে, সেই মুহূর্তে উপনির্বাচন দেওয়া হবে। এরশাদ সাহেব হবেন বিরোধীদলীয় নেতা। আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম গতকাল শনিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল সংসদের অধিবেশন শুরু হয়। তবে শেখ সেলিম বক্তব্য দেওয়ার সময় স্পিকারের চেয়ারে ছিলেন এ বি এম গোলাম মোস্তফা।শেখ সেলিম বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি বিদেশে গিয়ে সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন। আমরা আপনাকে স্বাগত জানাই। আপনাকে আমরা চিনি। আপনি এই সুযোগ-সুবিধা ছাড়বেন না। আপনি যে মুহূর্তে পদত্যাগ করবেন, সেই মুহূর্তেই উপনির্বাচন দিয়ে আমরা এরশাদকে বিরোধীদলীয় নেতা করব।’আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরে বলেন, কোনো বিরোধিতায় কাজ হবে না। তিনি বলেন, আওয়ামী লীগই এ দেশকে জন্ম দিয়েছে। আওয়ামী লীগের চেয়ে বেশি দরদ কারও থাকতে পারে না। তিনি তেল, গ্যাস, খনিজ সম্পদ এবং বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির তীব্র সমালোচনা করেন। বলেন, ‘আপনারা চান না বাসাবাড়িতে নতুন গ্যাসের সংযোগ লাগুক, বিদ্যুৎ সমস্যার সমাধান হোক।’তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা ৩ জুলাইয়ের হরতালের সমালোচনা করে শেখ সেলিম বলেন, ‘আপনারা হরতাল ডেকেছেন কার স্বার্থে? আপনারা কি জনপ্রতিনিধি? আপনাদের তো জনগণের কাছে জবাব দিতে হবে না। আমাদের জবাবদিহি করতে হবে।’এর আগে মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বাজেট আলোচনায় অংশ নিয়ে কনোকোফিলিপসের সঙ্গে গ্যাস উত্তোলনসংক্রান্ত চুক্তির সমালোচনা করেন। বলেন, ‘কিসের নীতিমালা হয়েছে, দেশের গ্যাস বিদেশিদের হাতে তুলে দেওয়ার?’ কনোকোফিলিপসের সঙ্গে চুক্তিতে ৮০ শতাংশ গ্যাস বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে এই চুক্তির যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের বিদেশি এজেন্ট বলার তীব্র সমালোচনা করেন মেনন।মেনন কানাডার আদালতে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকে ঘুষ দেওয়ার অপরাধে নাইকোকে জরিমানা করার প্রসঙ্গ টেনে বলেন, ‘হয়তো আমরা দেখব, কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি নিয়ে বহুজাতিক কোম্পানি ঘুষ দিয়েছে।’মেনন প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বলেন, জনগণ রাজনীতিকে বোঝে বাজারের থলি দিয়ে, সেই বাজারে থলি ক্রমেই ছোট হয়ে আসছে। একই সঙ্গে সরকারের জনপ্রিয়তার থলিও কমে আসছে। তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় মুখ খুললেই বাজারে দাম বাড়ে। অর্থমন্ত্রী এগুলো বিবেচনায় না নিয়ে কীভাবে বাজেট দিলেন?’মেনন দুর্নীতি দমন কমিশনকে ঠুঁটো জগন্নাথ বানানোর কঠোর সমালোচনা করেন। বলেন, দুদিন আগে খালেদা জিয়ার ছোট ছেলের দুর্নীতির দায়ে সাজা হয়েছে। সংবাদপত্রগুলো প্রধান শিরোনাম করেছে। কিন্তু অবস্থা এমন যে এক কান কাটা গেলে রাস্তার এক পাশ দিয়ে যায়, আর দুই কান কাটা গেলে মাঝখান দিয়ে যায়। দুর্নীতির প্রতীক হয়েছে খালেদা জিয়ার পুত্রদ্বয়।মেনন তাঁর বক্তব্যের শুরুতে বাজেট প্রণয়নে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাজেট প্রণয়নে অর্থমন্ত্রী অনেক সাহস দেখিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, যা নিতেই হয়। কিন্তু স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন হবে। তিনি বলেন, এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে, তাতে অর্থনৈতিক সম্ভাবনা বাধাগ্রস্ত হবে। বিরোধী দলকে রাজনৈতিক সম্ভাবনায় আনতে হবে। তা না হলে জনদুর্ভোগ কমবে না।মেনন বলেন, উলামা বোর্ড হয়েছে। শরিয়াহ বোর্ড হবে। শরিয়াহ আইন হবে। এমনকি ব্লাসফেমি আইনও হতে পারে।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী শিরীন শারমিন চৌধুরী সরকার ও বেসরকারি খাতের অংশীদারির (পিপিপি) মধ্যে নারী-শিশুদের জন্য উন্নয়ন কর্মসূচি রাখার আহ্বান জানান। তিনি নির্যাতিত নারীদের জন্য পিপিপির আওতায় তহবিল রেখে ছোট ছোট দোকান ও উদ্যোগ প্রতিষ্ঠার সুযোগ তৈরির পরামর্শ দেন।বাজেট আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, আবদুর রহমান, মতিয়ার রহমান, সোলায়মান হক জোয়ার্দার, বেনজির আহমেদ, খালিদ মাহমুদ চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, আতিকুর রহমান আতিক, সাধন চন্দ্র মজুমদার, এম ইদ্রিস আলী, আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা ও সালমা ইসলাম।