বিএনপি পাকিস্তানের এজেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি ও জামায়াত একে-অন্যের পরিপূরক। তিনি অভিযোগ করে বলেন, জামায়াত হচ্ছে পাকিস্তানের রাজনীতির আদর্শের ধারক-বাহক, আর বিএনপি পাকিস্তানের এজেন্ট। তারা একসঙ্গে রাজনীতি করবে, কর্মসূচি দেবে—এটাই স্বাভাবিক।আজ শুক্রবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, নির্বাচনের এখনো এক বছর বাকি। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর অনেকের অবস্থান পরিবর্তন হবে। সেই পরিবর্তনের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে। বর্তমান সরকার দেশে জরুরি অবস্থা সৃষ্টির পরিবেশ তৈরি করতে চাইছে—খালেদা জিয়ার এমন অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিরোধীদলীয় নেতাই ভালো বলতে পারেন কে কোথায় কোন ষড়যন্ত্র করছে। উনি এ ধরনের কোনো ষড়যন্ত্রের সঙ্গে আছেন কি না, সেটাই দেখার বিষয়।’ এ সময় সেখানে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সদর উদ্দিন খান, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।