বিএনপি পাট শিল্প ধ্বংস করে দিয়েছে: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সরকার পাট শিল্পকে ধ্বংস করে দিয়েছে। পাট বিক্রি করে এক সময় দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হতো। কিন্তু বিএনপি আমলে একে একে জুট মিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।আজ শনিবার বিকেলে খুলনার খালিশপুর প্রভাতি মাধ্যমিক স্কুল মাঠে মহাজোট আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সারের দাবিতে কৃষকেরা আন্দোলন করলে বিএনপির সময় গুলি করে ১৮ জন কৃষককে হত্যা করা হয়। শ্রমিকেরা মজুরির দাবি করলে রমজান মাসে ১৭ জন শ্রমিককে হত্যা করা হয়। এক সময় কলকারখানায় সমৃদ্ধ খুলনা নগরকে মৃত নগরে পরিণত করা হয়। খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার নির্দিষ্ট লক্ষ্যের আলোকে কাজ করছে। ইতিমধ্যে খুলনার বন্ধ কলকারখানাগুলো চালু করা হয়েছে। শেখ হাসিনা আরও বলেন, গ্যাসের প্রয়োজন মেটাতে অনুসন্ধান চালানো হচ্ছে। গ্যাস পাওয়া গেলে অবশ্যই খুলনা অঞ্চলে দেওয়া হবে। খুলনার বন্ধ হওয়া সব শিল্প কলকারখানা চালু করে এ অঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনা হবে। খুব শিগগির পদ্মা সেতু নির্মাণ শুরু হবে। ফলে এ অঞ্চলে যাতায়াত ব্যবস্থারও উন্নয়ন হবে।খুলনার সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক হানিফ, জেলা আওয়ামী লীগ সভাপতি হারুনার রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।এর আগে প্রধানমন্ত্রী আজ সকালে মংলায় নৌবাহিনীর জাহাজ বিজয় ও ধলেশ্বরীর কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন। পরে প্রধানমন্ত্রী খুলনা শিপইয়ার্ডে পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণের কাজ এবং বেলা আড়াইটায় খালিশপুরে বন্ধ হওয়া পিপলস জুট মিল নতুন করে খালিশপুর জুট মিলের উত্পাদনের উদ্বোধন ঘোষণা করেন।