বিএনপি-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০
ফরিদপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে আজ বৃহস্পতিবার সকালে পুলিশের লাঠিপেটায় দুই সাংবাদিকসহ আটজন আহত হয়েছে। অন্যদিকে, বিএনপির নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেল নিক্ষেপে আহত হয়েছে দুই পুলিশ সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টার দিকে শহরের জনতা ব্যাংক মোড়ে সমাবেশ করছিল জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া বক্তব্য দেওয়ার একপর্যায়ে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশের একটি দল সমাবেশে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।এদিকে বিএনপির সমর্থকেরা তিতুমীর বাজারের প্রধান ফটকে পুলিশের ওপর ইট ছুড়তে থাকলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশ ও নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার মোহনা টিভির ফরিদপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম (৪২) এবং বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কমের জেলা প্রতিনিধি রেজাউল করিম (২৬) আহত হন। তাঁদের ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হচ্ছে।ফরিদপুর যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়ার দাবি, পুলিশের লাঠিপেটায় শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাইদুর রহমান, যুবদল কর্মী রায়হান মৃধাসহ বিএনপির ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন প্রথম আলো ডট কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপির সমর্থকদের ইটের আঘাতে কনস্টেবল জয়দেব কুমার (২২) ও রকিবুল ইসলাম (২৩) আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।