বিএনপি ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই অভিযোগ করেন। তিনি সরকারকে সতর্ক করে বলেন, অতীতেও বিএনপিকে ধ্বংস করা যায়নি, ভবিষ্যতেও যাবে না।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যর্থতা থেকেই বিএনপির জন্ম। তাই তারা বিএনপিকে ধ্বংস করতে চায়। অতীতেও এই ষড়যন্ত্র হয়েছে। কিন্তু ষড়যন্ত্রের ধ্বংসস্তূপ থেকে বিএনপি ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে।বিএনপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি গঠন করেন।সরকারের ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল করে সরকার দেশে নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থায় আঘাত হেনেছে। গণতন্ত্রকে তারা বিপন্ন করেছে। এ থেকে উত্তরণে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১৯৭৫-এর মতো দেশের গণতন্ত্র আবার ভূলুণ্ঠিত হচ্ছে। তখন ছিল একদলীয় শাসন আর এখন চলছে এক ব্যক্তির শাসন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শওকত মাহমুদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ।