বিএনপি বস্তির মাদক তাড়াতে মাদক ব্যবসায়ীর দুয়ারে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বস্তি ও এর সংলগ্ন এলাকা মাদকের জন্য কুখ্যাত। বছরের পর বছর অভিযান চালিয়েও পুলিশ এখানকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারেনি। স্বাভাবিক অভিযানের পাশাপাশি এবার তাই পুলিশ নিয়েছে ভিন্ন কৌশল। মাদকবিরোধী অভিযানে প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের সম্পৃক্ত করা এবং জনসমক্ষে তাঁদের দিয়ে মাদক থেকে সরে আসার শপথ করানো। গতকাল শনিবার বিকেলে এমনই একটি সমাবেশ হয়েছে আগারগাঁও বাজারে। মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ। সমাবেশের সভাপতি ছিলেন নূর মোহাম্মদ। তিনি ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিও।সমাবেশের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) চৌধুরী মঞ্জুরুল কবির। নূর মোহাম্মদকে সভাপতি করার বিষয়টি পরিষ্কার করতে গিয়ে তিনি বলেন, ‘নূর মোহাম্মদ মাদক ব্যবসায়ী। তাঁর ছেলে এবং মেয়ের জামাইও মাদকের ব্যবসা করেন। মাদক সেবন করে তাঁর এক ছেলে মারা গেছেন। আরেক ছেলে পলাতক। পুলিশকে এলাকার মানুষ বলেছে, নূর মোহাম্মদ ঠিক হলে এলাকায় মাদক ব্যবসা বন্ধ হবে। তিনিও কথা দিয়েছেন, আর এ ব্যবসায় জড়িত হবেন না।’পুলিশের উপকমিশনার আরও জানান, ‘আগারগাঁওয়ের ২৫ বছরের ইতিহাস পাল্টাতে শুরু করেছে। যাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ, সেই নূর মোহাম্মদকে দিয়ে মাদকের আখড়া গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অন্য যাঁরা এখনো মাদকের ব্যবসা করছেন, তাঁদের দুই দিন সময় দেওয়া হলো।’ পুলিশ কর্মকর্তা বলেন, ‘এলাকা মাদকমুক্ত করতে যাঁরা সহায়তা করবেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না; বরং পুরস্কৃত করা হবে। তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’নূর মোহাম্মদ তাঁর বক্তব্যে বলেন, ‘পুলিশ প্রশাসন বা ডিসি সাহেব আমার বিরুদ্ধে যা বলেছেন, তা ঠিক নয়। আমি কখনো মাদকের সঙ্গে ছিলাম না, এখনো নেই, ভবিষ্যতেও থাকব না। নূর মোহাম্মদকে ব্যবহার করে আপনারা (পুলিশ) খেয়েছেন।’ তিনি সমাবেশে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভালো হয়ে যান, আমিও ভালো হয়ে যাই।’মাদকবিরোধী সমাবেশের দায়িত্ব নূর মোহাম্মদকে দেওয়া প্রসঙ্গে র্যাব-২-এর একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, এখনো আছে; এটা বড় কথা নয়। উদ্দেশ্য হচ্ছে বিএনপি বস্তির মাদক ব্যবসা বন্ধ করা। আর এটা করতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। নূর মোহাম্মদ সঙ্গে থাকলে সহজেই মাদকের ব্যবসা বন্ধ করা সম্ভব।’সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তোফাজ্জল হক, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন।পুলিশ কর্মকর্তারা বলেন, ঢাকা শহরের শতকরা ৫০ ভাগ হেরোইন এই বিএনপি বস্তি থেকে বিক্রি হয়ে থাকে। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ৪১ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ডে পরিণত করতে চায়। সে লক্ষ্যে ১৬ জানুয়ারি থেকে বিএনপি বস্তিতে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে।সমাবেশে যোগ দেওয়া স্থানীয় লোকজন অভিযোগ করেন, ২০০৭ সালের ৩০ ডিসেম্বর নূর মোহাম্মদ এবং তাঁর ছেলে মামুনকে পাঁচটি বিদেশি রিভলবার ও পিস্তলসহ গ্রেপ্তার করে র্যাব। কয়েক মাস কারাগারে থাকার পর তাঁরা জামিনে মুক্তি পান। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘আমরা চাই, নূর মোহাম্মদ ভালো হোক, তিনি মাদক ব্যবসা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। তাঁকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে।’জানা গেছে, নূর মোহাম্মদ একসময় বিএনপি বস্তির একটি ঘরে ভাড়া থেকে ঢাকা শহরে বেবিট্যাক্সি চালাতেন। পরে ট্যাক্সি চালানো ছেড়ে তিনি বিএনপি বস্তির খালি জায়গা দখলের পর ঘর তৈরি করে ভাড়া দেন। একপর্যায়ে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তাঁর চার ছেলের মধ্যে মোহাম্মদ আলী মাদকাসক্ত হয়ে মারা গেছেন। বাঘা সেন্টু বিএনপি বস্তির মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের হাতে খুন হন। মিন্টু দীর্ঘদিন ভারতে পালিয়ে আছেন। আরেক ছেলে মামুন অর রশীদ ওরফে মামুন ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময় ‘ক্রসফায়ারের’ ভয়ে নূর মোহাম্মদ ছয় বছর ঢাকার বাইরে ছিলেন বলে সূত্র জানায়।