বিএনপি বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘দুর্নীতি ও লুটপাটের কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এ কারণে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছে। কিন্তু বিদেশি আনুকূল্যে এ দেশে ক্ষমতায় আসা যাবে না। বিদেশি প্রভুরা তাদের ক্ষমতায় আনতে পারবে না। ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যেতে হবে। জনগণের আনুকূল্য আদায় করতে হবে।’ আজ সোমবার ভূরুঙ্গামারী শিল্পকলা একাডেমী চত্বরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ কোনো অনির্বাচিত সরকারে অধীনে নির্বাচন করবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি; সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চাই।’এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন, তার ভিত্তিতে বিরোধী দলের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। তবে কোনো অনির্বাচিত সরকারে অধীনে আওয়ামী লীগ নির্বাচন করবে না। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হচ্ছে, সেভাবেই নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকাররম হোসেন, সহসভাপতি আমিনুল ইসলাম মন্ডল, সহসভাপতি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান মন্ডল, অলক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী প্রমুখ।