বিএনপি ভাঙতে ত ৎ পরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নির্বাচন সামনে রেখে বিএনপিকে ভাঙার চেষ্টা চলছে। এই লক্ষ্যে গত দুই মাস ধরে সরকারের পক্ষ থেকে ত ৎ পরতা চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এরই মধ্যে বিএনপিতে ক্ষুব্ধ নেতাদের চিহ্নিত করে তাঁদের অনেকের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ গড়ে তোলা হয়েছে। এই যোগাযোগের ক্ষেত্রে একজন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের একাধিক নেতা এবং একটি গোয়েন্দা সংস্থাও ভূমিকা রাখছে। পুরো ত ৎ পরতা সম্পর্কে সরকারের উচ্চপর্যায়ও অবহিত বলে সূত্রটি জানিয়েছে।বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, শেখ হাসিনা দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। আর খালেদা জিয়া ঘোষণা দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন মানা হবে না। আওয়ামী লীগ চাইছে আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রার্থী হওয়া থেকে দূরে রাখতে। এ জন্য জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদাকে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে সাজা দেওয়ার চেষ্টা করছে সরকার। সে ক্ষেত্রে বিএনপি নির্বাচনে না এলে অন্তত বিএনপির একটি অংশকে নির্বাচনে আনতে দলটির মধ্যে ভাঙনের চেষ্টা করছে সরকার।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির অন্তত তিনজন নেতার সঙ্গে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত দুই নেতা ও একটি গোয়েন্দা সংস্থার লোকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক এক মন্ত্রীকে দিয়ে সম্প্রতি ‘জিয়া’ নাম ব্যবহার করে একটি সংগঠন করা হয়েছে। এই নেতা বর্তমান সরকারের আমলে বিএনপি থেকে বহিষ্কৃত হন। কিছুদিন পর আবার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এই নেতাকে দিয়ে সারা দেশে বিএনপিতে ক্ষুব্ধ নেতাদের সংগঠিত করার চেষ্টা চলছে বলে সূত্রগুলো জানিয়েছে।সরকারের এই কর্মকাণ্ড বিএনপি দেখছে অপকৌশল হিসেবে। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, সরকার ও আওয়ামী লীগ নিজেদের দুরবস্থা টের পেয়েছে। ভবিষ্যতে নিশ্চিত ভরাডুবি জেনে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার শুরু করেছে। বিএনপির একাধিক নেতা জানান, ভয়ভীতি দেখিয়ে দলের কিছু নেতাকে বিএনপি থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। তাঁরা জানান, স্থায়ী কমিটির এই সদস্যরা সবাই খালেদার আস্থাভাজন। তবে নানা কারণে এই নেতারা দলে গুরুত্ব হারিয়েছেন। এসব কারণে দল ভাঙার জন্য আওয়ামী লীগ এই নেতাদের সঙ্গে যোগাযোগ করছে। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘রাজনীতি একটা খেলা। এখানে ভাঙাগড়ার নানা খেলা চলে।’ তিনি দাবি করেন, বিএনপি বা অন্য কোনো দলকে ভাঙার সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয়। রাজনীতিতে আওয়ামী লীগ বন্ধুর সংখ্যা বাড়াতে চায়, শত্রু কমাতে চায়। সে জন্য অন্য দলের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা হতে পারে। এর মানে বিএনপিকে ভাঙা নয়।সংশ্লিষ্ট অপর সূত্রগুলো জানায়, বিএনপির মহাসচিব পদের জন্য আগ্রহী ছিলেন, স্থায়ী কমিটির এমন এক নেতার সঙ্গে ঈদের আগে গুলশানের একটি বাসায় বৈঠক করেছেন আওয়ামী লীগের এক নেতা। বিএনপির এই নেতাকে আয়ত্তে আনতে তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের হওয়া দুর্নীতির মামলার প্রসঙ্গ তোলা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। আর বিএনপির প্রভাবশালী এই সদস্যকে দল থেকে বের করে আনতে তাঁর নির্বাচনী এলাকার কাছাকাছি এলাকা থেকে নির্বাচিত একজন প্রতিমন্ত্রী কাজ করছেন। এই প্রতিমন্ত্রী এই কাজে এক ব্যবসায়ী নেতাকে কাজে লাগাচ্ছেন। এই ব্যবসায়ী নেতাও একই জেলার অপর এক আসন থেকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। অভিযোগ রয়েছে, এই ব্যবসায়ী নেতার নির্বাচনী এলাকার বর্তমান বিএনপির সাংসদকে ইতিমধ্যে চাঞ্চল্যকর একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিএনপির মধ্যে একটা মেরুকরণ হবে। সেটা হবে তাদের দলের ভেতরের অস্থিতিশীল অবস্থার কারণে।’ সরকারের পক্ষ থেকে বিএনপির কোনো নেতার সঙ্গে যোগাযোগ হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিএনপি থেকে কাউকে ভাগিয়ে আনার কাজ করছি না, তবে বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতা নিজ দলের অব্যবস্থাপনা মেনে নিতে না পারায় আওয়ামী লীগের কোনো কোনো নেতার কাছে তাঁদের ক্ষোভের কথা বলেছেন।’সূত্রগুলো জানায়, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্যের সঙ্গেও যোগাযোগ চলছে। তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদাপন্থী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি ঢাকা মহানগর কমিটি গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে এ নেতার সঙ্গে খালেদা জিয়ার দূরত্ব সৃষ্টি হয়। এই নেতার আরেক অনুসারী, স্থায়ী কমিটির আরেক নেতা ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আগে বিতর্কিত বক্তব্য দিয়ে দলে সমালোচিত হন।বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অনুসারী যেসব নেতা এখন দলে প্রভাব ও গুরুত্ব হারিয়েছেন, এমন কয়েকজনের সঙ্গেও যোগাযোগের ত ৎ পরতা চলছে। দেলোয়ারপন্থী এসব নেতাদের ওপর বিএনপির পক্ষ থেকেও নজর রাখা হচ্ছে বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা জানান, কারাবন্দী বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্যের সঙ্গেও সমঝোতার চেষ্টা চলছে। এ জন্য গ্রেনেড হামলা মামলায় তাঁকে আসামি করার উদ্যোগ নিয়েও পরে করা হয়নি। অবশ্য খড়্গ হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এখনো রয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন সরকারের সময় মন্ত্রী ছিলেন, স্থায়ী কমিটির এমন এক সদস্যের ব্যাপারেও বিএনপি ভাঙার ত ৎ পরতায় জড়িতদের আগ্রহ রয়েছে বলে সূত্রটি জানায়। আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেন, বিএনপি থেকে কেউ যদি চলে যায় বা দল গঠন করে, সেটা ওই দলের অভ্যন্তরীণ ব্যাপার। দলের মধ্যে আস্থার সংকটের কারণে তা হবে। এদিকে সরকার একটি সংস্থার মাধ্যমে বিএনপির জেলা পর্যায়ের নেতাদের মধ্যেও বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে বলে দলটির বাগেরহাট, মাগুরা, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুরের নেতারা অভিযোগ করেছেন। এসব জেলার নেতারা প্রথম আলোকে বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি যথাযথভাবে পালন না করার জন্য সরকারদলীয় নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে আলাপ করেছেন। কখনো কখনো ভয়ভীতিও দেখাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ সব সময় ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। তবে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সারা দেশের নেতা-কর্মীরা এখন ঐক্যবদ্ধ। সরকারের যেকোনো অপকৌশল বিএনপির নেতা-কর্মী ও জনগণই প্রতিহত করবে।এর আগে ২০০১ সালে সরকার গঠনের পর থেকে ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমল পর্যন্ত বিএনপিতে তিন দফা ভাঙন হয়। বিএনপির প্রথম মহাসচিব ও চারদলীয় জোট সরকারের রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে দলটির এক দফা ভাঙন হয় ২০০৪ সালে। তখন বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। এরপর ২০০৬ সালের ২৬ অক্টোবর বিএনপির বড় ধরনের বিভক্তি দেখা দেয়। দলের স্থায়ী কমিটির সদস্য অলি আহমদের নেতৃত্বে জোট সরকারের অন্তত ২০ জন মন্ত্রী ও সাংসদ বিএনপি থেকে ইস্তফা দিয়ে এলডিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। সর্বশেষ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ত ৎ কালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে দলে আরেক দফা ভাঙন হয়। সেই ভাঙনের সময় দলটি খালেদাপন্থী ও সংস্কারপন্থী নামে দুটি ভাগে বিভক্ত হয়।