বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায় না: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি প্রমাণ করেছে যে তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। ২৬ ডিসেম্বর ওলামা মাশায়েখদের ডাকা হরতালকে সমর্থন দিয়ে বিএনপি এর প্রমাণ দিয়েছে। তিনি অভিযোগ করেন, দলটি যুদ্ধাপরাধের বিচার বানচালের চেষ্টা করছে।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ২৬ তারিখ হরতাল ডাকা হয়েছে। হরতাল ডাকা হয়েছে যুদ্ধাপরাধীদের নেতৃত্বে। সেই হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। বিএনপি চায় এবং বেগম খালেদা জিয়াও চান যে যুদ্ধাপরাধীদের বিচার যেন বাংলার মাটিতে না হয়। কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবে না উল্লেখ করে মন্ত্রী ২৬ ডিসেম্বরের হরতাল প্রত্যাখ্যানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।