বিএনপি লাশের জন্য হেফাজতের সমাবেশে গেছে: নাসিম
হেফাজতে ইসলামের মঞ্চে বিএনপির নেতাদের উপস্থিতির বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে অন্যের সাজানো মঞ্চে গিয়ে কেউ অবস্থান নেয়। বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার ও লাশের জন্য সেখানে গিয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃঢ়তায় সেটা পারেনি। তাদের অপপ্রয়াস ব্যর্থ হয়েছে।আজ শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে হেফাজতে ইসলামের সমাবেশের পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ নাসিম এ মন্তব্য করেন।‘আওয়ামী লীগ নাস্তিক সরকার’ হেফাজত ইসলামের নেতাদের এমন মন্তব্যের বিষয়ে নাসিম বলেন, ‘আওয়ামী লীগের কাউকে নাস্তিক বলার অধিকার দুনিয়ার কারও নেই। একমাত্র আল্লাহ জানেন কে আস্তিক আর কে নাস্তিক।’ নাসিম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নস্যাত্ করার জন্য এ সমাবেশের আয়োজন করেছে বিএনপি-জামায়াত। যত বাধা আসুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী একাত্তরের ঘাতক-দালালদের বিচার বাংলার মাটিতে হবেই। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে নাসিম বলেন, ‘আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। শান্তিপূর্ণ সব ধরনের কর্মসূচিতে সহযোগিতা করেছে। এ ধরনের সহিংসতার জন্য দায়ী বিএনপি-জামায়াত। তাদের উসকানির ফলে এ সহিংসতার ঘটনা ঘটেছে।’ আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ কখনো কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় না। এ জন্য সমাবেশে কোনো বাধা দেওয়া হয়নি। সমাবেশে সার্বিক সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।হেফাজতের এ ধরনের কর্মসূচিতে আওয়ামী লীগ কি নতিস্বীকার করবে?— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘কোনো অন্যায্য দাবির কাছে আওয়ামী লীগ নতিস্বীকার করবে না। তারা যেটা করছে সেটা আন্দোলন নয়, সেটা নৈরাজ্য। নৈরাজ্য হলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’আওয়ামী লীগ নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবে কি না, এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমাদের দল হলো জনগণের দল। জনগণের জানমাল রক্ষায় দলীয় ফোরামে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হবে।’ সরকার জরুরি অবস্থা জারির পাঁয়তারা করছে, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এমন মন্তব্যের বিষয়ে নাসিম বলেন, ‘অগণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি করতে তাঁদের অভিজ্ঞতা আছে, আমাদের নেই।’