বিএনপি শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ নয়, শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে বিএনপি জড়িত। শেয়ার কেলেঙ্কারির ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যখন তদন্ত শেষ হবে, তখন থলের বেড়াল বের হয়ে আসবে। প্রমাণিত হবে, বিএনপি-জামায়াত জোট চক্রের কারা কারা শেয়ারবাজারে কারসাজি করে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে।এ ছাড়া বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপি ৭ ফেব্রুয়ারি হরতালের কর্মসূচি দিয়েছে বলে হানিফ অভিযোগ করেন।আজ শনিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক পথিক সাহার স্মরণসভায় হানিফ এ কথা বলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা আবু কাউছার।সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল-আলম লেনিন, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংবাদিক রহমান মুস্তাফিজ, আইয়ুব আনছারি, প্রবাল রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।শেয়ারবাজারের মতো লুটপাট করার জন্য সরকার নতুন বিমানবন্দর নির্মাণ করতে চায়—খোন্দকার দেলোয়ারের এই অভিযোগের জবাবে হানিফ বলেন, এর আগে পত্রপত্রিকায় শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে যে ছয়টি ব্যাংকের নাম এসেছে, সবকটির মালিক বিএনপি-জামায়াতের লোক।খোন্দকার দেলোয়ারের উদ্দেশে হানিফ বলেন, ‘শেয়ারবাজারে লুটপাট যদি হয়ে থাকে, তাহলে আপনার লোকেরাই করেছে। তবে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছেন কেন?’আগামী ৭ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে হানিফ বলেন, বর্তমান সরকারের আমলে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশে হচ্ছে—এটি বিরোধী দলের সহ্য হচ্ছে না। হানিফ এই অযৌক্তিক হরতাল প্রত্যাহারের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।নূহ-উল-আলম লেনিন বলেন, সব দাবি মেনে নিলেও বিএনপি হরতালের কর্মসূচি থেকে পিছু হটবে না। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার জোরজবরদস্তি করে তা করতে চায়নি। কানসাটের মতো জনগণের বুকে বন্দুক ধরেনি। বরং একজন পুলিশ কর্মকর্তা প্রাণ দিয়েছে।সম্প্রতি অনুষ্ঠিত পৌর ও উপনির্বাচন নিয়ে নূহ-উল-আলম বলেন, মাগুরা উপনির্বাচন ও ২০০৪ সালের পৌর নির্বাচনে বিএনপি-জামায়াত জোট সরকার যা করেছে, আওয়ামী লীগ তা করলে গণতন্ত্রের শেকড় প্রোথিত হতো না।সভায় বক্তারা প্রয়াত পথিক সাহাকে সময়ের সাহসী সন্তান উল্লেখ করে বলেন, তিনি রাজনীতি ও সাংবাদিকতায় সমান অবদান রেখে গেছেন। তাঁরা বলেন, খুব অল্প সময়ের মধ্যে পথিক সাহা দুই মাধ্যমেই অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন।সভা শুরুর আগে শোকসংগীত এবং পথিক সাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাসস।