বিএনপি শেয়ারবাজারে কারসাজিতে জড়িতদের শাস্তি দাবি করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি দাবি করেছে, শেয়ারবাজার তদন্ত প্রতিবেদন পূর্ণাঙ্গ নয় এবং এতে প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে। দলটি শেয়ারবাজারে কারসাজিতে জড়িতদের শাস্তি দাবি করেছে।আজ বুধবার শেয়ারবাজারের প্রতিবেদন নিয়ে বিএনপির এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে এ দাবি করা হয় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পুঁজিবাজারের অস্থিরতার জন্য অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বহীনতা রয়েছে। এ জন্য দলটি তাঁদের পদত্যাগ দাবি করে। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা, শেয়ারবাজারের কারসাজির সঙ্গে জড়িত অপরাধীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং আইনি-ব্যবস্থার মাধ্যমে তাঁদের শাস্তি দাবি করে বিএনপি। তদন্ত প্রতিবেদনে মোসাদ্দেক আলী ফালুসহ বিএনপির কয়েকজন নেতার নাম এসেছে। দল তাঁদের ব্যাপারে কী ভাবছে, এমন প্রশ্নের জবাবে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ওসমান ফারুক বলেন, অপরাধী যে দলের হোক, তাদের শাস্তি দেওয়া হোক।